বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

নতুন ভূমিকায় হানিয়া আমির, হলেন জাতিসংঘের শুভেচ্ছাদূত

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৬, ২০২৫, ০৯:৩৮ পিএম

নতুন ভূমিকায় হানিয়া আমির, হলেন জাতিসংঘের শুভেচ্ছাদূত

ছবি - সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও তরুণ প্রজন্মের আইকন হানিয়া আমির এক নতুন দায়িত্বে অভিষিক্ত হলেন। জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ‘ইউএন উইমেন পাকিস্তান’ তাকে জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত করেছে। এই নতুন ভূমিকায় তিনি পাকিস্তানে লিঙ্গসমতা প্রতিষ্ঠা এবং নারী ও কন্যাশিশুদের অধিকার নিয়ে সচেতনতা তৈরিতে কাজ করবেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ইউএন উইমেন পাকিস্তান তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে এই ঘোষণা দেয়। সংস্থাটি জানায়, হানিয়া তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নারী ও কন্যাশিশুদের কণ্ঠকে আরও শক্তিশালী করতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে অনুপ্রেরণা জোগাতে সাহায্য করবেন।

এই সম্মানজনক দায়িত্ব গ্রহণ করে হানিয়া আমির বলেন, “ইউএন উইমেনের জাতীয় শুভেচ্ছাদূত হওয়া আমার জন্য শুধু একটি সম্মানই নয়, এটি এমন নারীদের প্রতিনিধিত্ব করার একটি বড় দায়িত্ব, যাদের কণ্ঠস্বর প্রায়শই শোনা যায় না। আমি আশা করি, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি নারী ও কন্যাশিশুদের ক্ষমতায়নে অর্থবহ অবদান রাখতে পারব।”

ইউএন উইমেন পাকিস্তান-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জামশেদ এম. কাজি বলেন, “হানিয়ার নিষ্ঠা, সাহস এবং তরুণদের সঙ্গে তার শক্তিশালী সংযোগ দেশের নারীদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”উল্লেখ্য, হানিয়া আমির সম্প্রতি যুক্তরাষ্ট্রের হিউস্টনে ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন এবং ভারতীয় পাঞ্জাবি চলচ্চিত্র ‘সর্দারজি থ্রি’-তে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।