অক্টোবর ১৮, ২০২৫, ১২:১১ পিএম
বলিউডের তিন কিংবদন্তি—শাহরুখ খান, সালমান খান ও আমির খান। তিন দশকেরও বেশি সময় ধরে তারা হিন্দি সিনেমা শাসন করলেও, তিনজনকে একসঙ্গে একই মঞ্চে পাওয়া এক বিরল ঘটনা। সেই বিরল মুহূর্তেরই সাক্ষী হলো বিশ্ব। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সৌদি আরবের রিয়াদের বুলেভার্ড সিটিতে অনুষ্ঠিত ‘জয় ফোরাম ২০২৫’-এর মঞ্চে একসঙ্গে হাজির হয়েছিলেন এই তিন মহাতারকা।
অনুষ্ঠানে তারা নিজেদের ক্যারিয়ার, বন্ধুত্ব এবং জীবনের নানা গল্প নিয়ে এক দীর্ঘ ও প্রাণবন্ত আড্ডায় মেতে ওঠেন। এই আলাপচারিতার মুহূর্তগুলো এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।সাফল্যের রহস্য নিয়ে আমির খান বলেন, “হয়তো আমরা ভাগ্যবান যে ভারতে জন্মেছি, যেখানে আমরা হিন্দি সিনেমার অংশ হতে পেরেছি। সঠিক সময়ে সঠিক জায়গায় থাকাও খুব গুরুত্বপূর্ণ।”
আড্ডার এক পর্যায়ে সালমান খান রসিকতা করে বলেন, “আমির চলচ্চিত্র পরিবার থেকে এসেছে। আমিও তাই। আর এই মানুষটা (শাহরুখের দিকে ইঙ্গিত করে)... ও এসেছে দিল্লি থেকে।”দর্শকদের করতালির মধ্যেই শাহরুখ খান মুচকি হেসে মাইক্রোফোন হাতে নিয়ে বলেন, “দুঃখিত সালমান, একটু বাধা দিচ্ছি। আমিও চলচ্চিত্র পরিবার থেকেই এসেছি—সালমানের পরিবারই আমার পরিবার!” শাহরুখের এই উষ্ণ মন্তব্যে পুরো হলজুড়ে হাততালি আর হাসির রোল পড়ে যায়, যা তিন খানের মধ্যকার গভীর বন্ধুত্বের রসায়নকেই প্রমাণ করে।
পরে সঞ্চালক তাদের বন্ধুত্বের প্রশংসা করলে সালমান আবারও হাসতে হাসতে বলেন, “আমাদের এই বন্ধুত্ব শুধু মঞ্চেই দেখা যায়!” শাহরুখও কম যান না, তিনি সঙ্গে সঙ্গে যোগ করেন, “আপনি যদি পর্দার আড়ালে দেখতেন, তাহলে জানতেন আমরা সেশন শেষ হওয়ার পর একে অপরের সঙ্গে কী করি!”তিন খানের এই রসিকতা ও একে অপরের প্রতি সম্মান প্রদর্শন ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন