বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

সোহরাওয়ার্দী উদ্যানে লালন উৎসব পালিত

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৯, ২০২৫, ০২:০২ পিএম

সোহরাওয়ার্দী উদ্যানে লালন উৎসব পালিত

ছবি - সংগৃহীত

বাংলার মরমী সাধক ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে ‘লালন উৎসব ও মেলা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দিনব্যাপী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এই উৎসব আয়োজিত হয়।

বিকেল ৪টায় ‘লালন মেলা’ উদ্বোধনের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। উদ্যানে ঐতিহ্যবাহী হস্তশিল্প, লোকবাদ্যযন্ত্র ও গ্রামীণ খাবারের ১৬টি স্টল সাজানো হয়। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে মঞ্চের চারপাশে জড়ো হতে থাকেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু, বাউল, ভক্ত ও দর্শনার্থীরা। লালনের দেহতত্ত্ব, প্রেম ও মানবতার গানে পুরো উদ্যানে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।

সন্ধ্যায় অনুষ্ঠানের মূল সাংগীতিক পর্ব শুরু হয়। এর আগে, সদ্য প্রয়াত কিংবদন্তি লালন শিল্পী ফরিদা পারভীনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তার জীবন ও কর্মের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।অনুষ্ঠানে সংহতি জানাতে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

রাতে লালনের গানে মঞ্চ মাতান এনি বায়রাগী, ফাহমিদা আহমেদ শিফা, বাউলা ব্যান্ড, পথিক নবি, অরূপ রাহী, দিনা মন্ডল, মুজিব পরদেশী এবং ‘লালন ব্যান্ড’-সহ দেশের স্বনামধন্য শিল্পীরা। ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’ থেকে শুরু করে ‘খাঁচার ভিতর অচিন পাখি’র মতো জনপ্রিয় সব গানের সুরে দর্শকরাও কণ্ঠ মেলান।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি জানিয়েছে, নতুন বাংলাদেশের সাংস্কৃতিক অভিযাত্রায় এটি এক ঐতিহাসিক পদক্ষেপ, যার মাধ্যমে লালনের দর্শন ও সংগীতকে জাতীয় সংস্কৃতির মূলধারায় যুক্ত করা হলো।