অক্টোবর ২১, ২০২৫, ১০:৩৮ এএম
টলিউডের অন্যতম আলোচিত জুটি সুপারস্টার দেব ও অভিনেত্রী রুক্মিণী মৈত্র। এক দশকেরও বেশি সময় ধরে তাদের সম্পর্ক। ভক্তরা যখন তাদের বিয়ের খবরের অপেক্ষায়, ঠিক তখনই টলিপাড়ায় আবারও তাদের বিচ্ছেদের গুঞ্জন জোরালো হয়েছে।
সাম্প্রতিক সময়ে দেবের জীবনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে রুক্মিণীর অনুপস্থিতি এই জল্পনার আগুনে ঘি ঢেলেছে। সম্প্রতি দেবের অভিনয় জীবনের ২০ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলেও সেখানে দেখা যায়নি রুক্মিণীকে। শুধু তাই নয়, দেব প্রযোজিত ও অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘রঘু ডাকাত’-এর কোনো বিশেষ প্রদর্শনীতেও হাজির হননি তিনি।
ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই দুজনের মধ্যে কিছুটা মনোমালিন্য চলছে। দেবের সঙ্গে অন্য এক নায়িকার ঘনিষ্ঠতা নিয়েও প্রশ্ন উঠেছে, যা নিয়েই এই দূরত্বের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।এই গুঞ্জনের মাঝেই কালীপূজা উপলক্ষে একদিনের জন্য কলকাতায় এসেছিলেন রুক্মিণী। ‘রঘু ডাকাত’-এর প্রিমিয়ারে কেন তাকে দেখা গেল না, সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি তিনি।
বরং রহস্যময় এক হাসি হেসে অভিনেত্রী বলেন, “আসলে কাজের জন্য আমি এখন বাইরে আছি। কালকেই আবার দিল্লি চলে যেতে হবে। (দেবের পাশে না থাকা নিয়ে) একটাই কথা বলব, আমাকে খুঁজতে থাকো।”অন্যদিকে, সম্পর্ক নিয়ে ওঠা এই গুঞ্জনকে সম্প্রতি উড়িয়ে দিয়েছেন দেব। ‘ধূমকেতু’ সিনেমার প্রচারের সময় তিনি স্পষ্ট জানিয়েছিলেন, “যারা বিচ্ছেদ নিয়ে বলছে, তারা তো আমার সঙ্গে থাকে না।
তাহলে তারা জানল কী করে আমার আর রুক্মিণীর মধ্যে কী চলছে? আমরা ১২ বছর ধরে সম্পর্কে রয়েছি। এটা নিয়ে কোনোদিন কথা বলিনি, তাহলে এখন কেন জবাবদিহি করতে হবে?”যদিও দেব বিষয়টি উড়িয়ে দিয়েছেন, তবে রুক্মিণীর অনুপস্থিতি এবং তার এই cryptic (রহস্যময়) মন্তব্য দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন টলিপাড়ার সমালোচকরা।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন