অক্টোবর ২৬, ২০২৫, ০১:০৮ পিএম
দীর্ঘ চার বছরের নীরবতা ভেঙে আবারও গিটারের ঝংকারে বিশ্ব সংগীত মঞ্চ কাঁপাতে ফিরছে কিংবদন্তি রক ব্যান্ড ‘বন জোভি’। ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইউরোপজুড়ে বড় ধরনের ট্যুরের ঘোষণা দিয়েছেন ব্যান্ডের প্রাণপুরুষ ও লিড সিংগার জন বন জোভি নিজেই। এই প্রত্যাবর্তনকে ঘিরে বিশ্বজুড়ে রক সঙ্গীতপ্রেমীদের মধ্যে নতুন করে উত্তেজনার সঞ্চার হয়েছে। জানা গেছে, মঞ্চে ফেরার খবরে শিল্পী নিজেও বেশ উচ্ছ্বসিত এবং তিনি ভক্তদের জন্য আরও একটি সুখবর দিয়েছেন – আগামীতে তাকে নিয়ে একটি বায়োপিকও নির্মিত হতে যাচ্ছে।
তবে এই ফিরে আসার পথটি সহজ ছিল না। জন বন জোভি সম্প্রতি এক খোলামেলা আলোচনায় তার অসুস্থতা ও সংগ্রামের দিনগুলোর কথা তুলে ধরেন। প্রায় চার বছর আগে তার কণ্ঠযন্ত্রে একটি জটিল সার্জারি হয়, যার ফলে ব্যান্ডের ভবিষ্যৎ নিয়েই অনিশ্চয়তা দেখা দেয়। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তার প্রায় তিন বছর সময় লেগে যায়। শিল্পী জানান, এই সময়টা তার জন্য বেশ সংকটময় ছিল। ব্যান্ডের আয় বন্ধ হয়ে গেলেও সদস্যরা তাকে ছেড়ে যাননি, বরং পাশে থেকে ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের পরিচয় দিয়েছেন।
তাদের এই অটুট সমর্থনই তাকে লড়াই চালিয়ে যাওয়ার মনোবল জুগিয়েছে বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন জন বন জোভি।বন জোভি’র মঞ্চে ফেরার খবরে বিশ্বজুড়ে তাদের অগণিত ভক্ত অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ব্যান্ডের ‘ফরএভার ট্যুর’-এর ইউরোপ পর্বের সময়সূচিও চূড়ান্ত করা হয়েছে। আগামী বছর, অর্থাৎ ২০২৬ সালের ২৮ আগস্ট স্কটল্যান্ডের এডিনবরার মারিফিল্ড স্টেডিয়ামে পারফর্ম করার মাধ্যমে এই সফর শুরু হবে।
এরপর ৩০ আগস্ট তারা কনসার্ট করবেন আয়ারল্যান্ডের ডাবলিনের ক্রোক পার্কে। ব্যান্ডটির ইউরোপ সফর শেষ হবে ৪ সেপ্টেম্বর লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে জমকালো কনসার্টের মধ্য দিয়ে। দীর্ঘ বিরতির পর প্রিয় ব্যান্ডের সরাসরি পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন