রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নারীবিদ্বেষী মন্তব্যে তুমুল বিতর্কে সালমান খান

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৮, ২০২৫, ০২:৫৬ পিএম

নারীবিদ্বেষী মন্তব্যে তুমুল বিতর্কে সালমান খান

জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস'-এর ১৯তম মৌসুম জমে উঠলেও সঞ্চালক সালমান খানের জন্য এবারের আসরটি খুব একটা সুখকর হচ্ছে না। চলতি মৌসুমে এর আগেও বেশ কয়েকবার বেফাঁস মন্তব্য করে দর্শকদের সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। তবে এবার প্রতিযোগী ফারহানা ভাটকে নিয়ে করা এক মন্তব্যের জেরে বেশ বড় ধরনের বিতর্কে জড়িয়ে পড়লেন বলিউডের ভাইজান।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, 'বিগ বস'-এর সাম্প্রতিক এক পর্বে প্রতিযোগী আশনূর কৌর তার সহ-প্রতিযোগী ফারহানা ভাট সম্পর্কে সালমানের কাছে অভিযোগ করেন। আশনূর দাবি করেন, ফারহানা ঘরের মধ্যে নেতিবাচকতা ছড়াচ্ছেন এবং জানতে চান, ‘বিগ বসের ঘরের বাইরেও কি ফারহানা এ রকমই?’

আশনূরের এই অভিযোগে সায় দিয়ে সালমান খান ব্যঙ্গাত্মক সুরে ফারহানার ভবিষ্যৎ বিয়ে নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ‘ফারহানার যখন বিয়ে হবে, তখন পরিবারের লোক পাত্রী হিসেবে ওর খোঁজখবর নেবে, ও কেমন? তখন কী বলবে, ওহ, এই মেয়ে তো গালি দেয়! ঝগড়া করে। প্লেট ভাঙে, ঘরের বউ হিসেবে এ রকম মেয়েই দরকার! আমাদের ছেলের জন্য এ রকম শান্তশিষ্ট মেয়ে প্রয়োজন! যে ছেলের সঙ্গে বিয়ে হবে, তার জীবন তো বরবাদ হয়ে যাবে।’

সালমানের এই মন্তব্য টেলিভিশনে প্রচারিত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। অনেকেই সালমানের তীব্র সমালোচনা করে তাকে 'নারীবিদ্বেষী' আখ্যা দিয়েছেন এবং ফারহানার কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘একটু স্বাধীনচেতা, দৃঢ়, বলিষ্ঠ স্বভাবের নারী হলেই সহ্য করতে পারেন না সালমান। হিনা খান থেকে গওহর খান, রুবিনা দিলাইক, প্রিয়াঙ্কা চাহার চৌধুরী; আর এখন ফারহানাকে আক্রমণ করলেন।’ আরেকজন লিখেছেন, ‘এত বড় মাপের নারীবিদ্বেষী মানুষ আগে দেখিনি।’

সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে গেলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত সালমান খানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।