অক্টোবর ২৮, ২০২৫, ১১:০৫ পিএম
দক্ষিণী সিনেমার 'মাস মহারাজা' খ্যাত অভিনেতা রবি তেজা এবং জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলা আবারও জুটি বেঁধে বড় পর্দায় ফিরছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) রবি তেজার ক্যারিয়ারের মাইলফলক ৭৫তম সিনেমা ‘মাস জাঠারা’-এর অফিসিয়াল ট্রেলার প্রকাশিত হয়েছে। ট্রেলার মুক্তির পরপরই তা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
২ মিনিট ৩১ সেকেন্ডের এই ট্রেলারে রবি তেজার পরিচিত অ্যাকশন, কমেডি এবং রোম্যান্সের ঝলক দেখা গেছে। শ্রীলীলার সঙ্গে তার রসায়নও দর্শকদের নজর কেড়েছে। ট্রেলারটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পরই ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একজন দর্শক মন্তব্য করেছেন, ‘ট্রেলার দেখার পর মনে হলো, অনেক ক্ষুধার্ত থাকার পর যেন পুরো এক প্লেট বিরিয়ানি খেলাম!’ যা সিনেমাটি নিয়ে দর্শকদের উচ্চ প্রত্যাশারই ইঙ্গিত দেয়।
ট্রেলারে অভিনেতা নাভিন চন্দ্রার অভিনয়ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন ভীমস চেসিরোল এবং চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন বিদু আয়্যন্না। নাগা ভামসি এস ও সায় সৌজন্য প্রযোজিত এই সিনেমাটি সিথারা এন্টারটেইনমেন্টস এবং ফরচুন ফোর সিনেমাস ব্যানারে নির্মিত হয়েছে। শ্রীকারা স্টুডিওস সিনেমাটি উপস্থাপন করছে।
নির্মাতারা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী ১ নভেম্বর বিশ্বব্যাপী সিনেমা হলে মুক্তি পাবে ‘মাস জাঠারা’। এছাড়াও, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ৩১ অক্টোবর সিনেমাটির বিশেষ প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে।এর আগে রবি তেজার অভিনীত হিট সিনেমা ‘মিস্টার বচ্চন’ সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এবং দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে। বর্তমানে তিনি জনপ্রিয় পরিচালক অনিল রাভিপুডির সঙ্গে একটি নতুন প্রজেক্টে কাজ করছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন