অক্টোবর ২৮, ২০২৫, ১১:৩৫ পিএম
বক্স অফিসে সাড়া জাগানো রোম্যান্টিক-মিউজিক্যাল সিনেমা ‘সাইয়ারা’-তে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন অভিনেত্রী অনীত পড্ডার। এবার তিনি বলিউডে নতুন ঘরানার সিনেমায় নাম লেখালেন। আহান পাণ্ডের বিপরীতে রোম্যান্টিক চরিত্রে সাফল্যের পর অনীতকে দেখা যাবে একটি হরর-কমেডি ছবিতে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, বলিউডের অন্যতম সফল প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মসের নতুন হরর-কমেডি সিনেমা ‘শক্তি শালিনী’-তে অভিনয় করতে চলেছেন অনীত পড্ডার। সিনেমাটি আগামী বছরের ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সম্প্রতি মুক্তি পাওয়া আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা অভিনীত ‘থাম্মা’ সিনেমার একটি বিশেষ ভিডিও বার্তার মাধ্যমে ম্যাডক ফিল্মস তাদের পরবর্তী প্রজেক্ট হিসেবে ‘শক্তি শালিনী’র আনুষ্ঠানিক ঘোষণা দেয়। সেই ঘোষণাতেই সিনেমার অন্যতম অভিনেত্রী হিসেবে অনীত পড্ডারের নাম প্রকাশ করা হয়।
এই খবরে উচ্ছ্বাস প্রকাশ করে অভিনেতা আয়ুষ্মান খুরানা সোশ্যাল মিডিয়ায় অনীতকে ম্যাডক হরর-কমেডি ইউনিভার্সে স্বাগত জানিয়েছেন। তিনি লিখেছেন, “তোমাকে স্বাগত জানাই ম্যাডক হরর-কমেডি ইউনিভার্সে। পাঞ্জাবের মেয়ে হিসেবে তুমি আমাদের গর্বিত করছো। তোমার স্বপ্নপূরণের যাত্রা সত্যিই অনুপ্রেরণাদায়ক। ‘শক্তি শালিনী’-তে তোমাকে দেখতে মুখিয়ে আছি।”
একটি উল্লেখযোগ্য বিষয় হলো, এই সিনেমাটিতে প্রধান নারী চরিত্রে প্রথমে জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানির অভিনয় করার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে প্রযোজনা সংস্থা অনীত পড্ডারকেই চূড়ান্ত করেছে বলে জানা গেছে।
অভিনেত্রী রেবতী পরিচালিত ‘সালাম ভেঙ্কি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল অনীত পড্ডারের। তবে তিনি মূলত আলোচনায় আসেন এবং দর্শকের মনে স্থায়ী ছাপ ফেলতে সক্ষম হন ‘সাইয়ারা’ সিনেমায় তার অভিনয়ের মাধ্যমে। এবার হরর-কমেডি ঘরানায় তার অভিনয় দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন