শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

‘কেজিএফ’ খ্যাত অভিনেতা হরিশ রাই আর নেই

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৬, ২০২৫, ০৬:১৬ পিএম

‘কেজিএফ’ খ্যাত অভিনেতা হরিশ রাই আর নেই

দক্ষিণী চলচ্চিত্রের পরিচিত মুখ এবং অভিনেতা হরিশ রাই আর নেই। ‘কেজিএফ’ সিনেমায় রকির চাচা এবং ‘ওম’ ছবিতে ডন রাই চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের মনে গভীর ছাপ রেখেছিলেন। দীর্ঘদিন ধরে থাইরয়েড ক্যানসারের সঙ্গে লড়াই করার পর বৃহস্পতিবার ৫৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, চিকিৎসার শেষ পর্যায়ে তাঁর ক্যানসার পেটে ছড়িয়ে পড়েছিল এবং তিনি কিডওয়াই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

হরিশ রাই আগেই মিডিয়ার কাছে জানিয়েছিলেন যে তাঁর চিকিৎসার খরচ ছিল অত্যন্ত উচ্চমূল্যের। তিনি জানিয়েছিলেন, থাইরয়েড ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত এক একটি ইনজেকশনের দাম ছিল ৩.৫৫ লক্ষ টাকা। ডাক্তারদের নির্দেশনা অনুযায়ী, ৬৩ দিনের মধ্যে তাকে তিনটি ইনজেকশন নিতে হতো, যার মোট খরচ ছিল প্রায় ১০.৫ লক্ষ টাকা। অনেক রোগীর ক্ষেত্রে এই ইনজেকশনের সংখ্যা ১৭–২০ পর্যন্ত হতে পারে, ফলে চিকিৎসার মোট খরচ প্রায় ৭০ লক্ষ টাকা পর্যন্ত পৌঁছাতে পারত।

এই অভিনেতার প্রয়াণে দক্ষিণী চলচ্চিত্রজগতে শোকের ছায়া নেমে এসেছে। কন্নড় ছাড়াও তিনি তামিল ও তেলুগু সিনেমাতেও অভিনয় করেছেন। হরিশ রাই অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে: ওম, সামারা, ব্যাঙ্গালোর আন্ডারওয়ার্ল্ড, জোদিহাক্কি, রাজ বাহাদুর, সঞ্জু ওয়েডস গীতা, স্বয়ম্বরা, নল্লা এবং ব্লকবাস্টার ‘কেজিএফ’ সিরিজের উভয় চ্যাপ্টারই।