নভেম্বর ৭, ২০২৫, ০৫:৪১ পিএম
বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর জনপ্রিয় হলিউড ফ্র্যাঞ্চাইজি ‘প্রিডেটর’-এর নতুন সিনেমা ‘প্রিডেটর: ব্যাডল্যান্ডস’ আজ ৭ নভেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেয়েছে এটি। এই কিস্তিটি পরিচালনা করেছেন ড্যান ট্রাখটেনবার্গ, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী ইলে ফ্যানিং এবং নিউজিল্যান্ডের অভিনেতা ডিমিট্রিয়াস শুস্টার কোলোমাটাঙ্গি।
‘প্রিডেটর’ ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয়েছিল ১৯৮৭ সালে আর্নল্ড শোয়ার্জনেগারের হাত ধরে। এই ফ্র্যাঞ্চাইজিতে প্রিডেটর হলো ভয়ংকর এক মহাজাগতিক ভিনগ্রহী প্রাণী, যারা একটি প্রতিযোগিতামূলক শিকার করার খেলায় মানুষসহ অন্যান্য বিপজ্জনক প্রাণীকে শিকার করে এবং শিকার করা প্রাণীর শিরদাঁড়াসহ মাথার খুলিটি পুরস্কার হিসেবে নিজেদের কাছে রেখে দেয়।
নতুন সিনেমা ‘প্রিডেটর: ব্যাডল্যান্ডস’-এর গল্পের কেন্দ্রে থাকছে এক তরুণ প্রিডেটর যোদ্ধা—ডেক। নিজের দুর্বলতা ও কোমলতার কারণে ডেক তার গোত্রের কাছে তুচ্ছ হয়ে পড়েছে এবং তার কঠোর বাবা তাকে হত্যা করতে চায়। ডেক এক দূরের এক গ্রহে পালায়, যেখানে অপেক্ষায় আছে ভয়ংকর দানব কালিস্ক, যাকে তার বাবাও ভয় পায়। নিজের বংশের সম্মান পুনরুদ্ধার করতে, ডেক কালিস্ককে হত্যা করার শপথ নেয়।
তবে এই মিশনে সে একা নয়। পথে তার দেখা হয় দুই রোবট-মানব ‘সিন্থ’-এর সঙ্গে। একদিকে নির্ভার, হাসিখুশি রোবট-মানব থিয়া, যে ডেকের সঙ্গে গড়ে তোলে এক অদ্ভুত বন্ধুত্ব। অন্যদিকে এক নির্মম, নিখুঁত, অনুভূতিহীন শিকারি—যে কার্যত হয়ে ওঠে ফ্র্যাঞ্চাইজির নতুন ‘প্রিডেটর’।
বোদ্ধারা মনে করছেন, এই সিনেমাটি আর সেই পুরোনো সরল শিকারের গল্প নয়; বরং এটি এমন এক মৃত্যুগ্রহে নিজের প্রজাতির হাতে তাড়া খাওয়া এক মহাজাগতিক প্রাণীর গল্প, যে নিজের ভেতরের ভয়, ভালোবাসা ও অস্তিত্বের অর্থ বুঝে নিতে চায়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন