অক্টোবর ৭, ২০২৫, ০৮:১০ পিএম
বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদাত বার্ষিকীকে ‘নিপীড়নবিরোধী দিবস’ হিসেবে পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা। এ উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যেখানে আবরার ফাহাদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
দোয়া মাহফিলে জবি শাখা শিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ বলেন, “আবরার ফাহাদ তার সাহসী সংগ্রামের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা ও মুসলিম জাতীয়তাবাদ প্রতিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার আত্মত্যাগ আমাদের প্রজন্মের চোখ খুলে দিয়েছে এবং আগামী প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রেরণা জোগাবে।”
শাখা সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, “আবরার ফাহাদ ছিলেন দিল্লির আধিপত্যবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এক অপ্রতিরোধ্য কণ্ঠস্বর। তিনি জীবন দিয়ে দেখিয়ে গেছেন, অন্যায়ের প্রতিবাদ কেমন করে করতে হয়। আজকের এই ‘নিপীড়নবিরোধী দিবস’ সমাজের প্রতি একটি স্পষ্ট বার্তা—যদি কেউ নতুন করে নিপীড়ক হয়ে উঠতে চায়, তবে এদেশের মানুষ জীবন দিয়েও তাকে প্রতিহত করবে।”
সবশেষে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী ইমাম শেখ মো. সালাহ উদ্দিন আবরার ফাহাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে ভারতের সঙ্গে চুক্তির বিরোধিতা করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ায় বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতাকর্মীর নৃশংস নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। এই হত্যাকাণ্ড দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করে এবং ছাত্র রাজনীতিতে ও নিপীড়নের এক ঘৃণ্যতম প্রতীক হয়ে ওঠে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন