ডিসেম্বর ৫, ২০২৫, ১২:৩১ পিএম
শীতের দুপুরে ধোঁয়া ওঠা ভাত, পাতলা মুসুর ডাল আর মচমচে আলুভাজা—বাংলাদেশের সারাদেশের মানুষের কাছে এটি একটি অকৃত্রিম স্বাদ-আনন্দ। এই সরল খাবারকে আরও খানিকটা পরিপূর্ণ করতে অনেকেই প্লেটে যোগ করেন এক টুকরা লেবু।
শুধু ডাল-ভাত নয়, গরম স্যুপ, গরম মাছের ঝোল কিংবা মাংসের ঝোলেও লেবুর রস চিপে খাওয়ার অভ্যাস বহুদিনের। কিন্তু প্রশ্ন হলো, এই অভ্যাস কি সত্যিই স্বাস্থ্যকর? পুষ্টিবিদরা বলছেন, গরম খাবারের সঙ্গে লেবুর রস মিশিয়ে খেলে লেবুর প্রকৃত পুষ্টিগুণ পুরোপুরি পাওয়া যায় না।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এই বিষয়টি তুলে ধরা হয়েছে। লেবুতে থাকা ভিটামিন সি শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান।
এটি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বক-চুল ভালো রাখে, দাঁত মজবুত করে এবং শরীরের ভেতরের নানা সমস্যার সমাধানে ভূমিকা রাখে। কিন্তু এই ভিটামিন সি হলো তাপ-সংবেদনশীল। পুষ্টিবিদদের মতে, গরম ভাত বা ডালের সঙ্গে লেবুর রস মেশালে তার পুষ্টিগুণ দ্রুত কমে যায়। শরীরে প্রবেশ করার আগেই এই গুরুত্বপূর্ণ ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায় বলে আসলে প্রত্যাশিত কোনো উপকারই মেলে না।ওজন কমানোর আশায় অনেকেই সকালে হালকা গরম জল-লেবু-মধু পান করেন।
কিন্তু বিশেষজ্ঞদের পরামর্শ হলো, অতিরিক্ত গরম জলে লেবুর রস মেশালে ভিটামিন সি এর বেশিরভাগই তাপে নষ্ট হয়ে যায়। ফলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যায় না।তাহলে কীভাবে লেবু খাবেন? পুষ্টিবিদদের মতে, ধোঁয়া ওঠা অতিরিক্ত গরম খাবারের সঙ্গে লেবু মেশানো উচিত নয়। তাই খাবারটি যদি খুব গরম থাকে, তবে আগে একটু ঠান্ডা করে নিতে হবে। ঘরের স্বাভাবিক তাপমাত্রায় এলেই লেবুর রস মেশানো যেতে পারে।
বিশেষজ্ঞরা আরও পরামর্শ দেন, সকালে লেবু খেতে চাইলে ফুটন্ত পানিতে নয়, বরং হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে পান করাই সবচেয়ে উপকারী। তাই স্বাস্থ্য সচেতনতার জন্য এই অভ্যাস ভাঙতে না চাইলেও খানিকটা সচেতন হওয়া জরুরি। লেবুর আসল পুষ্টিগুণ পেতে চাইলে রান্না বা গরম খাবারের সঙ্গে সরাসরি না মিশিয়ে, খাবারটি কিছুটা ঠান্ডা হওয়ার পরই লেবু ব্যবহার করা সবচেয়ে ভালো।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন