ডিসেম্বর ৯, ২০২৫, ০৫:৫৩ পিএম
দেশে ডেঙ্গুর প্রকোপ ও এর কারণে মৃত্যুহার কোনোভাবেই কমছে না। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শত শত রোগী, এবং মৃত্যুর খবরও আসছে নিয়মিত। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্যানুযায়ী, সারাদেশে সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জন মারা গেছেন।
একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪২১ জন ডেঙ্গুরোগী।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে মঙ্গলবার (৯ ডিসেম্বর) পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২ জন এবং বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন রয়েছেন।
এই নতুন মৃত্যুর ঘটনা নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪০১ জনে দাঁড়িয়েছে। এছাড়াও চলতি বছরে এ পর্যন্ত মোট ডেঙ্গু শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৯৮ হাজার ৭০৫ জনে।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭২ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৫ জন রোগী ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে বিভাগগুলোর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৩ জন।
ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৩ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩০ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন ও রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন রয়েছেন।এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫২৮ জন ডেঙ্গুরোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে মোট ৯৬ হাজার ৭৬০ জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন। প্রসঙ্গত, এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মারা গিয়েছিল সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জন এবং আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন