ডিসেম্বর ১১, ২০২৫, ০৫:১৫ পিএম
দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মুত্যু হয়েছে। একই সময়ে এডিস মশার কামড়ে আক্রান্ত হয়ে আরও ৪১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার বাসিন্দা। অপরজন ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে বসবাস করতেন।
এই সময়ের তিনজনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০৪ জনে। এছাড়াও, নতুন ৪১১ জন আক্রান্ত হওয়ায় চলতি বছর ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ হাজার ৪৯৩ জনে।
নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে পুরুষ ৬৬.৯ শতাংশ এবং নারী ৩৩.১ শতাংশ। আক্রান্তদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬১ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭০ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২০ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন, রংপুর বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ৬ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ৪৬৪ জন ডেঙ্গু রোগী ছাড়পত্র পেয়েছেন।
এ নিয়ে চলতি বছরে মোট ৯৭ হাজার ২৫৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ বছর এখন পর্যন্ত ৬৪টি জেলাতেই ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করে আসছে। পরিসংখ্যানে দেখা যায়, ২০২৩ সালে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ওই বছর সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু ঘটে। পরবর্তী বছর ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন