ডিসেম্বর ২৩, ২০২৫, ০৫:০৯ পিএম
দেশে ডেঙ্গু পরিস্থিতির কিছুটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে সারাদেশে নতুন করে ১২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে স্বস্তির খবর হলো, এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে (৩১ জন)।
এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৮ জন, রাজশাহী বিভাগে ২৫ জন এবং বরিশাল বিভাগে ২০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ২ জন রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৭৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ১ লাখ ৮৪৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৮২ জনে এবং মোট মৃত্যুর সংখ্যা ৪১২ জন। শীতের আগমনে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমলেও নাগরিকদের সচেতন থাকতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন