ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৪:০৪ পিএম
সারাদিন রোজা রাখার পর ইফতারের পরপরই শরীরে ক্লান্তি ও অবসাদ ভর করা অনেকের জন্যই একটি সাধারণ সমস্যা। দীর্ঘ সময় অনাহারে থাকার পর ইফতারের টেবিলে পছন্দের খাবারগুলো পেটপুরে খাওয়ার ফলে শরীর মুহূর্তেই শক্তিশালী হওয়ার পরিবর্তে উল্টো নিস্তেজ হয়ে পড়ে। মূলত একসাথে প্রচুর খাবার খাওয়ার ফলে তা হজম করতে শরীরের অনেক শক্তির প্রয়োজন হয়, যার ফলে ক্লান্তি অনুভূত হয়।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সামান্য কিছু সচেতনতা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন আনলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।ইফতারের পর শরীরের পানিশূন্যতা দূর করা সবচেয়ে জরুরি। সারাদিন পানি পান না করার ফলে শরীরে আর্দ্রতার অভাব দেখা দেয়, যা ক্লান্তি বাড়ায়।
এই ঘাটতি পূরণে কেবল পানি নয়, বরং বিভিন্ন ফলের রস, শরবত বা ডাবের পানি পান করা অত্যন্ত কার্যকর। পাশাপাশি ইফতারে অতিরিক্ত তেল ও মসলাযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত, কারণ এসব খাবার হজম প্রক্রিয়াকে ধীর করে দেয় এবং শরীরে অস্বস্তি তৈরি করে।
একসঙ্গে বেশি খাবার খাওয়ার অভ্যাসও ক্লান্তি বাড়ার অন্যতম কারণ। ক্ষুধার্ত অবস্থায় দ্রুত অনেক খাবার না খেয়ে বরং অল্প অল্প করে খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। ইফতারের শুরুতে একটি খেজুর ও পানি খেয়ে মাগরিবের নামাজ পড়ে নেওয়া একটি উত্তম অভ্যাস। এতে পাকস্থলী ভারী খাবার গ্রহণের জন্য পর্যাপ্ত সময় পায় এবং হজম প্রক্রিয়া সহজ হয়। নামাজ শেষ করে বাকি খাবার খেলে শরীরে অবসাদ আসার সম্ভাবনা অনেক কমে যায়।
অনেকে ইফতারের পর ক্লান্তি কাটাতে এক কাপ চা বা কফি পান করেন। চা বা কফিতে থাকা ক্যাফেইন শরীরকে ভেতর থেকে সতেজ রাখতে সহায়তা করে। তবে খেয়াল রাখতে হবে যেন এই পানীয় অতিরিক্ত কড়া না হয়। এছাড়া ইফতারের পরপরই শুয়ে না পড়ে কিছুটা সময় হাঁটাচলা করা প্রয়োজন। হালকা হাঁটাচলা করলে রক্ত সঞ্চালন বাড়ে এবং খাবার দ্রুত হজম হয়, যা শরীরকে পুনরায় কর্মক্ষম করে তোলে। নিজের মানসিক শক্তি বজায় রেখে অলসতা কাটিয়ে চললে রোজা রেখেও ইফতারের পর সতেজ থাকা সম্ভব।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন