রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশের ২৪ ঘণ্টায় সচল হলো সংক্রামক হাসপাতালের আইসিইউ

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১৭, ২০২৬, ০৯:০০ পিএম

স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশের ২৪ ঘণ্টায় সচল হলো সংক্রামক হাসপাতালের আইসিইউ

সচল হলো আইসিইউ

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের দেওয়া প্রতিশ্রুতির পর ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ সচল করা হয়েছে। মঙ্গলবার দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তানজিনা জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘ দেড় বছর ধরে বন্ধ থাকা ৫ শয্যার এই আইসিইউ ইউনিটে ইতোমধ্যে চারজন রোগীকে স্থানান্তর করা হয়েছে। 

এর আগে সোমবার মধ্যরাতে আকস্মিকভাবে হাসপাতাল পরিদর্শনে গিয়ে মন্ত্রী পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে আইসিইউ চালুর নির্দেশ দিয়েছিলেন।সম্প্রতি দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সংক্রামক ব্যাধি হাসপাতালে রোগীর চাপ অস্বাভাবিকভাবে বেড়েছে। 

ধারণক্ষমতার অতিরিক্ত রোগী আসায় অনেককে মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দিতে হচ্ছে। এই পরিস্থিতিতে সোমবার এক শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান স্বাস্থ্যমন্ত্রী। 

তিনি সরেজমিনে হাসপাতালের অব্যবস্থাপনা দেখে তাৎক্ষণিক জনবল নিয়োগ ও আইসিইউ সচলের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে কোভিডের সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে এই আইসিইউ ইউনিটটি স্থাপিত হয়েছিল। তবে প্রকল্প শেষ হওয়ার পর জনবল সংকটে এটি বন্ধ হয়ে যায়। 

স্বাস্থ্যমন্ত্রীর কঠোর নির্দেশনার পর দেশের বিভিন্ন এলাকা থেকে ৩ জন চিকিৎসকসহ প্রয়োজনীয় টেকনিশিয়ান ও অ্যানেস্থিটিস্টকে জরুরি ভিত্তিতে এই হাসপাতালে সংযুক্ত করা হয়েছে। বর্তমানে ৫ শয্যার ইউনিটটি জরুরি সেবা দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামও সেট করা হয়েছে।বর্তমানে এই হাসপাতালে ৬৫ জন হামের রোগী ভর্তি আছেন এবং প্রতিদিন আউটডোরেও বিপুল সংখ্যক রোগী চিকিৎসা নিতে আসছেন। 

পরিস্থিতি সামাল দিতে পাশ্ববর্তী ডিএনসিসি হাসপাতালেও হাম আক্রান্তদের জন্য পৃথক একটি ইউনিটের ব্যবস্থা করার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রীর এই ঝটিকা সফর এবং দ্রুত পদক্ষেপকে সাধারণ মানুষ ও ভুক্তভোগী পরিবারগুলো ইতিবাচক হিসেবে দেখছেন। চিকিৎসকরা জানিয়েছেন হামের এই সংক্রমণ মোকাবিলায় তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।