মে ৩, ২০২৬, ০৪:৪৫ পিএম
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মারা যাওয়া ১০ জনের মধ্যে নিশ্চিতভাবে হামে একজনের মৃত্যু হয়েছে। বাকি নয়জনের মৃত্যু হয়েছে হামজনিত বিভিন্ন উপসর্গে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৫০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
এ ছাড়া একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৪ জনে। অর্থাৎ গত দেড় মাসে মোট মৃত্যুর সংখ্যা ২৯৪ জনে পৌঁছেছে।অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে এক হাজার ১৬৬ জন।
এর মধ্যে ৯৫ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে দেশে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৪৯১ জনে। যার মধ্যে ল্যাবে পরীক্ষায় পাঁচ হাজার ৩১৩ জনের হাম নিশ্চিত হয়েছে। এ পর্যন্ত হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতাশ হাজার ৮১৬ জন।
বিভাগীয় উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, সন্দেহজনক হাম রোগে মৃত্যুর হার ঢাকা বিভাগে তুলনামূলক বেশি রেকর্ড হয়েছে। সংক্রমণের এই ধারা অব্যাহত থাকায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন।স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে হাম সংক্রমণ এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ করে শিশুদের মধ্যে এই ভাইরাসের ঝুঁকি বেশি থাকায় দ্রুত রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা এবং টিকাদান কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। শিশুদের জ্বর ও শরীরে ফুসকুড়ি দেখা দিলে বিলম্ব না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন