রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হামে একদিনে আরও ৯ প্রাণহানি

স্বাস্থ্য ডেস্ক

মে ৯, ২০২৬, ০৩:২৬ পিএম

হামে একদিনে আরও ৯ প্রাণহানি

হামে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ৪৩৫ শিশুর শরীরে। শনিবার (৯ মে) দুপুর আড়াইটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৪৩৫ জন। এর মধ্যে একটি বড় অংশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৮৯ জন রোগী। 

তবে উদ্বেগের বিষয় হলো, গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৩৫২ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬১ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে এবং ২৯১ জনের মৃত্যু সন্দেহভাজন হামজনিত কারণে হয়েছে বলে জানানো হয়েছে।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, হামের প্রকোপ সবচেয়ে বেশি রাজধানী ঢাকায়। ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৯৭৯ শিশু। অন্যদিকে, সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৬৫৬ জনে। আক্রান্ত শিশুদের বড় একটি অংশ বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩৩ হাজার ৬৩১ শিশু। 

এদের মধ্যে ২৯ হাজার ৭৪৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বাকিরা এখনও নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। চিকিৎসকরা বলছেন, হঠাৎ করেই হামের প্রকোপ বেড়ে যাওয়ায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি তীব্রতর হচ্ছে।বিশেষজ্ঞরা অভিভাবকদের সতর্ক করে বলেছেন, শিশুদের শরীরে জ্বর ও লালচে ফুসকুড়ি দেখা দিলেই দেরি না করে নিকটস্থ হাসপাতালে নেওয়া জরুরি। এছাড়া যারা এখনও হামের টিকা নেয়নি, তাদের দ্রুত টিকাদান কর্মসূচির আওতায় আনার পরামর্শ দেওয়া হয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর বিশেষ টাস্কফোর্স গঠনের পরিকল্পনা করছে।