বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬,

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ হারাল ৭ শিশু

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২১, ২০২৬, ০৪:২৪ পিএম

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ হারাল ৭ শিশু

সারাদেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ জন শিশু মৃত্যুবরণ করেছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৬৩১ জন শিশু।

 হামের এই ঊর্ধ্বমুখী প্রবণতা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।গত ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত দেশে সন্দেহজনক হামরোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ২৭৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ২০৮ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৮৩ জন এবং সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা ৪০৫ জন। গত এপ্রিল মাসের ২৬ তারিখে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ছিল, যেখানে একদিনে ১ হাজার ৫৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছিল। 

রোগীদের সুস্থতার হারও নিয়মিত পর্যবেক্ষণ করছে অধিদপ্তর; এখন পর্যন্ত ৪২ হাজার ৩৩৬ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।অধিদপ্তর সতর্ক করেছে যে, লক্ষণ দেখা মাত্রই শিশুকে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে।

হাম প্রতিরোধের জন্য টিকাদান কর্মসূচির পরিধি আরও বাড়ানো এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। সঠিক সময়ে প্রয়োজনীয় চিকিৎসা ও সঠিক পুষ্টির অভাব হামের জটিলতা আরও বাড়িয়ে দিচ্ছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।