রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হামে আক্রান্ত শিশু মৃত্যুর কারণ হিসেবে যা বলছেন বিশেষজ্ঞরা

স্বাস্থ্য ডেস্ক

মে ১০, ২০২৬, ১০:৪৯ এএম

হামে আক্রান্ত শিশু মৃত্যুর কারণ হিসেবে যা বলছেন বিশেষজ্ঞরা

হামের টিকা নিচ্ছে এক শিশু।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে ৩৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে এই রোগে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজারের বেশি মানুষ। স্বাস্থ্য অধিদফতরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদন থেকে রোববার এই তথ্য জানা গেছে।

অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ২৯ হাজারের বেশি শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বিশেষজ্ঞরা দেশে হামের প্রাদুর্ভাব বাড়ার পেছনে নিয়মিত টিকাদান কার্যক্রম ব্যাহত হওয়া ও শিশুদের পুষ্টিহীনতাকে প্রধান কারণ হিসেবে দায়ী করছেন।

বিশেষজ্ঞরা বলছেন, সারাদেশে শিশুদের প্রথম ছয় মাস মায়ের বুকের দুধ খাওয়ানোর প্রবণতা কমে গেছে। এর ফলে শিশুদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে এবং পুষ্টিহীনতা তৈরি হচ্ছে। চিকিৎসকদের মতে, হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা দিচ্ছে নিউমোনিয়া।

চিকিৎসকরা জানিয়েছেন, হামে আক্রান্ত শিশুর মধ্যে শ্বাসকষ্ট, খিঁচুনি, অতিরিক্ত জ্বর, খেতে না পারা কিংবা তীব্র ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিতে হবে। এই লক্ষণগুলোকে অবহেলা করলে মৃত্যুর ঝুঁকি বাড়ে বলে সতর্ক করেছেন তারা।স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, সরকার সারাদেশে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল।

এই কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ১ কোটি ৭২ লাখ ৬৮ হাজার ৯০৮ শিশু টিকা পেয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৯৬ শতাংশ।দেশে চলমান হামের এই প্রাদুর্ভাব আরও এক থেকে দুই মাস থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তবে টিকাদান কার্যক্রমের সাফল্যের ওপর ভিত্তি করে সংক্রমণের গতি কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।