রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও ৬ জনের মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক

মে ১১, ২০২৬, ০৩:২৭ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও ৬ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ৩৪১ জন। তবে গত ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৫০০ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১৮ জন। গত ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত নিশ্চিত হাম রোগীর মোট সংখ্যা ছয় হাজার ৯৩৭ জন। তবে গত এক দিনে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।গত ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ৯৮০ জন। 

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩১ হাজার ৯৯২ জন।নিশ্চিত হামে এ পর্যন্ত মোট ৬৫ জনের মৃত্যু হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৬ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫০ জনে। 

মূলত এই দুই মাসে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, আক্রান্তদের একটি বড় অংশই শিশু।বর্তমানে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে হামে আক্রান্ত ও সন্দেহজনক রোগীরা চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফেরার হারও উল্লেখযোগ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগগুলো থেকে পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।