বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

অতিরিক্ত ঘুম শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে

স্বাস্থ্য ডেস্ক

মে ১৬, ২০২৬, ০২:০৯ পিএম

অতিরিক্ত ঘুম শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে

পর্যাপ্ত ঘুম সুস্থ জীবনের অন্যতম প্রধান শর্ত হলেও অতিরিক্ত ঘুম শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। চিকিৎসকেরা সাধারণত নিয়মিত সাত থেকে আট ঘণ্টা ঘুমানোর পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু অনেকের ধারণা যত বেশি ঘুমোনো যাবে শরীর তত বেশি বিশ্রাম পাবে, যা সম্পূর্ণ ভুল। দীর্ঘ সময় ঘুমানো এবং অলস জীবনযাত্রা একসঙ্গে মিললে তা শরীরে নানামুখী জটিলতা তৈরি করে।

অতিরিক্ত ঘুমের কারণে হৃদরোগ, স্থূলতা ও মানসিক অবসাদসহ অকাল মৃত্যুর ঝুঁকি বাড়ে।বিশেষজ্ঞদের মতে, যারা নিয়মিত ১০ থেকে ১২ ঘণ্টা ঘুমিয়ে কাটান এবং শারীরিকভাবে মোটেও সক্রিয় নন, তাদের অকাল মৃত্যুর আশঙ্কা প্রায় চারগুণ পর্যন্ত বেড়ে যায়। 

দিনে নিয়মিত ৯ ঘণ্টার বেশি ঘুম এবং শারীরিক নিষ্ক্রিয়তা শরীরের স্বাভাবিক অভ্যন্তরীণ কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলে। এর ফলে হৃদরোগ, ডায়াবেটিস ও ক্যানসারের মতো বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ে। বর্তমানে বিশ্বজুড়ে এসব অসংক্রামক রোগে প্রতি বছর ৪ কোটিরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে, যা সংক্রামক ব্যাধিতে মৃত্যুর চেয়ে অনেক বেশি।

অতিরিক্ত ঘুম মানুষের স্বাভাবিক মানসিক বিকাশ ও কর্মক্ষমতায় বাধা সৃষ্টি করে অবসাদগ্রস্ততা বাড়িয়ে দেয়। ২০১৮ সালের এক চিকিৎসাবিজ্ঞান গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত ১০ ঘণ্টা বা তার বেশি সময় ঘুমান, তাদের মধ্যে বিষণ্ণতার লক্ষণ প্রায় ৪৫ শতাংশ বেশি দেখা যায়। এর কারণে কাজের আগ্রহ কমে যাওয়ার পাশাপাশি মনোযোগে বড় ঘাটতি তৈরি হয়। এছাড়া বেশি ঘুমের ফলে শরীরের ওজন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার হার সাধারণ মানুষের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি থাকে।

প্রায় তিন হাজার মানুষের ওপর চালানো অন্য এক গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত ঘুমানো ব্যক্তিদের করোনারি আর্টারি তথা হৃদযন্ত্রের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় দ্বিগুণ। একই সাথে প্রায় ১৪ লাখ মানুষের ওপর পরিচালিত এক বৈশ্বিক গবেষণায় স্পষ্ট উঠে এসেছে, যারা বেশি ঘুমান তাদের অকাল মৃত্যুর আশঙ্কা সাধারণদের তুলনায় প্রায় ৩ শতাংশ বেশি। তাই পর্যাপ্ত ঘুমের সুফলের পাশাপাশি অতিরিক্ত ঘুমের এই মারাত্মক অভ্যাস থেকে সবার সতর্ক থাকা প্রয়োজন।