জুন ২১, ২০২৬, ০৪:৩৯ পিএম
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এই এক দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে মোট ১ হাজার ৬৩টি শিশু দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে।গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৬৮০ জন শিশু মারা গেছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এই সময়ে হামের উপসর্গ নিয়ে ৩ জন মারা যাওয়ায় গত ১৫ মার্চ থেকে উপসর্গজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৭ জনে। এর বাইরে ল্যাবরেটরিতে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ৯৩টি শিশু প্রাণ হারিয়েছে।
গত চব্বিশ ঘণ্টায় নতুন করে ৬২ জন শিশু নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এবং উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১ জন। প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ে ৯৫৭টি শিশু নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হতে বাধ্য হয়েছে। বিপরীতে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছে আরও ৮৭৯টি শিশু।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ হাজার ৭৯০ জনে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ১১ হাজার ১১ জনকে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মোট ৭৬ হাজার ৮৫৯ জন হাসপাতালে ভর্তি হলেও ৭২ হাজার ৮৪৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন