জুলাই ২০, ২০২৬, ০৬:০২ পিএম
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৯ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৭৯৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে শুধু সিলেট বিভাগেই ৩ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এ সময়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। মোট মৃত্যুর মধ্যে হামের উপসর্গে ৬৯৮ জন এবং হামে আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ১৪৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং আরও ৯২২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ১৮ হাজার ৫৭০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে মোট ১৪ হাজার ৫৭৮ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ১ লাখ ১ হাজার ২৬ জন হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯৭ হাজার ৫৩২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। হামের প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য বিভাগ নিয়মিত নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। অভিভাবকদের সতর্ক থাকা এবং শিশুদের দ্রুত টিকাদানের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন