জুলাই ৩০, ২০২৬, ১২:৩০ পিএম
ওজন কমাতে চাইলে অনেকেই প্রতিদিনের খাদ্যতালিকায় চিয়া সিড বা তোকমা যোগ করেন। দেখতে প্রায় একই রকম হওয়ায় অনেকেই মনে করেন দুটি বীজের কাজও এক, কিন্তু বাস্তবে তা নয়। সরাসরি পেটের মেদ গলিয়ে না দিলেও সুষম খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চার সঙ্গে খেলে দুটি বীজই ওজন নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে।চিয়া সিডে রয়েছে প্রচুর দ্রবণীয় আঁশ, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং উদ্ভিজ্জ প্রোটিন।
পানিতে ভিজিয়ে রাখলে এটি জেলির মতো স্তর তৈরি করে, যা খাবার হজমের গতি কমায় এবং দীর্ঘ সময় পেট ভরা অনুভূতি দেয়। পুষ্টিবিষয়ক বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নিয়মিত চিয়া সিড খেলে কোমরের মাপ কিছুটা কমতে পারে এবং শরীরের মধ্যভাগে জমে থাকা চর্বি কমাতে এটি দীর্ঘমেয়াদে সহায়ক হয়।তবে দ্রুত কাজ করে তোকমা।
তুলসি বীজ বা তোকমা পানিতে ভিজিয়ে রাখলে খুব দ্রুত ফুলে যায়। এর ত্রিশ শতাংশের বেশি অংশই খাদ্য আঁশ। এই আঁশ হজমের গতি কমিয়ে দ্রুত পেট ভরা অনুভূতি তৈরি করে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে। পাশাপাশি অম্বল, গ্যাস, পেট ফাঁপা ও খাবারের পর ভারী লাগার সমস্যা কমাতে এটি বেশ উপকারী। অনেক সময় যেটিকে পেটের মেদ মনে করা হয়, সেটি আসলে গ্যাস বা পেট ফাঁপার কারণে হয়ে থাকে।
বিশেষজ্ঞদের মতে, চিয়া সিড ধীরে ধীরে কাজ করে এবং বিপাকক্রিয়া ভালো রাখতে ভূমিকা রাখে। অন্যদিকে তোকমা দ্রুত ক্ষুধা কমায় ও অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। প্রতিদিন এক থেকে দুই চা-চামচ বীজ পানিতে ভিজিয়ে লেবুর পানি, স্মুদি বা দইয়ের সঙ্গে খাওয়া যায়। তবে শুকনো অবস্থায় কখনো এগুলো খাওয়া উচিত নয়।
দীর্ঘমেয়াদে পেটের মেদ ও বিপাকক্রিয়া উন্নত করতে চিয়া সিড কিছুটা এগিয়ে থাকলেও, দ্রুত ক্ষুধা নিয়ন্ত্রণ ও পেট ফাঁপা কমাতে তোকমা বেশি কার্যকর। তবে সবচেয়ে ভালো ফল পেতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও সক্রিয় জীবনযাপনের বিকল্প নেই।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন