আগস্ট ১৫, ২০২৬, ০৪:৪৯ পিএম
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত পাঁচ মাসে রোগটিতে আক্রান্ত ও সন্দেহভাজন মিলে সর্বমোট ৯০২ শিশুর মৃত্যু হলো।শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্যমতে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি, প্রাণহানিগুলো ঘটেছে উপসর্গ নিয়ে। এই সময়ে নতুন করে ৭০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং আরও ৭২৮ শিশুর শরীরে এর উপসর্গ দেখা গেছে। চিকিৎসা নিতে গত এক দিনে নতুন করে ৭০০ শিশু দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮০৩ শিশুর প্রাণহানি ঘটেছে। একই সময়ে নিশ্চিতভাবে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। এ পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৪১ হাজার ৭৭৬ শিশুকে সন্দেহভাজন হাম রোগী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
এর মধ্যে ১৭ হাজার ৮০০ জনের শরীরে নিশ্চিতভাবে রোগটির অস্তিত্ব মিলেছে। আক্রান্ত ও উপসর্গ থাকা শিশুদের মধ্যে এ পর্যন্ত ১ লাখ ২৩ হাজার ৪৯৪ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে, যাদের মধ্যে ১ লাখ ১৯ হাজার ৮৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন