বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

অতিরিক্ত মিষ্টি খাওয়া কি চুল পড়ার কারণ?

স্বাস্থ্য ডেস্ক

আগস্ট ২২, ২০২৬, ১২:০২ পিএম

অতিরিক্ত মিষ্টি খাওয়া কি চুল পড়ার কারণ?

মিষ্টি খেলে কি টাক পড়ার ঝুঁকি

মিষ্টি খেতে ভালোবাসেন? মাঝে মধ্যে রসগোল্লা বা কেক খেলেই টাক পড়ে যাবে—বিষয়টি এমন নয়। তবে নিয়মিত অতিরিক্ত চিনি বা চিনিযুক্ত পানীয় খাওয়ার অভ্যাস চুল পড়ার ঝুঁকির সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় চিনিযুক্ত পানীয় গ্রহণের সঙ্গে পুরুষদের টাক পড়ার ঝুঁকির একটি সম্পর্ক পাওয়া গেছে। 

তবে গবেষণায় এটি সরাসরি প্রমাণিত হয়নি যে চিনি খেলেই চুল পড়ে।গবেষকরা ১৮ থেকে ৪৫ বছর বয়সী এক হাজার ২৮ জন পুরুষের তথ্য বিশ্লেষণ করে দেখেছেন, যারা সপ্তাহে সাতবারের বেশি চিনিযুক্ত পানীয় পান করতেন, তাদের অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা সাধারণ টাক পড়ার ঝুঁকি অন্যদের তুলনায় বেশি ছিল। তবে গবেষণাটি পর্যবেক্ষণভিত্তিক হওয়ায় চিনি খাওয়াই টাক পড়ার একমাত্র কারণ—এমন সিদ্ধান্তে পৌঁছানো কঠিন।

অতিরিক্ত চিনি রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়, যা দীর্ঘমেয়াদে ইনসুলিন রেজিস্ট্যান্সের দিকে ঠেলে দিতে পারে। এছাড়া অতিরিক্ত চিনি শরীরে প্রদাহ তৈরি করতে পারে, যা পরোক্ষভাবে চুলের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। মিষ্টিজাতীয় খাবারে ক্যালোরি থাকলেও প্রয়োজনীয় জিঙ্ক ও আয়রনের মতো পুষ্টি উপাদানের ঘাটতি থাকে। ফলে সুষম খাবারের অভাবও চুল পড়ার একটি বড় কারণ হতে পারে।

চুল পড়ার পেছনে বংশগতি, হরমোন, মানসিক চাপ ও পুষ্টির ঘাটতির মতো জটিল কারণ জড়িত। তাই শুধু মিষ্টি কমানো সমাধান নয়, সুষম খাবার ও চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ফলমূলের প্রাকৃতিক চিনি নিয়ে ভয়ের কিছু নেই, তবে অতিরিক্ত প্রক্রিয়াজাত চিনি ও পানীয়ের অভ্যাস কমানো চুলের স্বাস্থ্যের জন্যই ভালো।