বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩০, ২০২৬, ০৭:৫১ পিএম

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩

ছবি : সংগৃহীত

দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ৯৭ জন ভর্তি হয়েছেন, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। একই সময়ে এই মশাবাহিত রোগে আরও তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর মধ্য দিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩ জনে। এর মধ্যে কেবল আগস্ট মাসেই মারা গেছেন ৩৯ জন। এর আগে জুলাই মাসে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং বছরের প্রথম দুই মাসে দুজন করে রোগীর মৃত্যু হয়েছিল। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের নিয়ে চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩৪ হাজার ৬৮৩ জনে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৯৩ জন, যার ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ১৮৮ জনে। বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যেখানে সংখ্যাটি ৪৫৯। এছাড়া খুলনা বিভাগে ২৪৩, বরিশালে ১২৩, চট্টগ্রামে ১১৬, ময়মনসিংহে ৮১ এবং রাজশাহী বিভাগে ৭৬ জন নতুন রোগী হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন।