সেপ্টেম্বর ১৫, ২০২৬, ০৫:১৩ পিএম
হামের উপসর্গে এক দিনে সারাদেশে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এতে করে চলতি বছরে দেশব্যাপী নিশ্চিত হাম ও এর উপসর্গ নিয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৬ জনে। মৃত ছয় শিশুর মধ্যে চারজনই ঢাকার বিভিন্ন হাসপাতালে মারা গেছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত জাতীয় স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সংস্থাটি জানায়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের হাসপাতালগুলোতে হাম এবং এর উপসর্গ নিয়ে নতুন করে এক হাজার ৩১৬ জন রোগী ভর্তি হয়েছে।
সব মিলিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭৩ হাজার ৯৫৯ জনে, যার মধ্যে পরীক্ষাগারে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ২০১ জনের শরীরে। বিভাগভিত্তিক পরিসংখ্যানে রাজধানী ঢাকাতেই রোগীর চাপ সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৮৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৮১ জন, সিলেটে ১৯৭, বরিশালে ১২৫, খুলনায় ৯৮, ময়মনসিংহে ৮২, রাজশাহীতে ৩০ এবং রংপুর বিভাগে ১৯ জন রোগী ভর্তি হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি হয়েছে এক লাখ ৫৩ হাজার ২৭৯ জন রোগী, যাদের মধ্যে চিকিৎসা শেষে এক লাখ ৪৭ হাজার ৩৮৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের নথিপত্র অনুযায়ী, মোট এক হাজার ৩৬ জন মৃতের মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ১০০ জন এবং বাকি ৯৩৬ জন মারা গেছে হামের তীব্র উপসর্গ নিয়ে। উদ্ভূত পরিস্থিতিতে শিশু রোগীদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য প্রশাসন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন