সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০৪:০১ পিএম
সারাদেশে সংক্রামক ব্যাধি হামের তীব্র প্রকোপে প্রাণহানি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৩২০ জনের শরীরে এই রোগের উপসর্গ শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। হাম ও সংশ্লিষ্ট উপসর্গে মোট প্রাণহানি এক হাজার ছাড়িয়েছে।
বুধবার অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত বুলেটিন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৪ জনে। এছাড়া ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০০ শিশু। সব মিলিয়ে এই সময়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪৪ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৮১ শিশুর বাইরে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৪১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ৭৯ জন।
হিসাব অনুযায়ী, গত ছয় মাসে দেশে সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭৫ হাজার ১৯৮ জনে, যার মধ্যে নিশ্চিত শনাক্ত হয়েছেন ২০ হাজার ২৮২ জন। এই সময়ে এক লাখ ৫৪ হাজার ৪২০ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং এক লাখ ৪৮ হাজার ৪৬৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। একসময় রোগটি নির্মূলের কাছাকাছি পৌঁছালেও টিকাদানের ঘাটতির কারণে সাম্প্রতিক মাসগুলোতে সংক্রমণ পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে।
সংকট উত্তরণে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী ব্যাপক পরিসরে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের মাধ্যমে প্রয়োজনীয় টিকার বড় অংশ ইতিমধ্যে দেশে এসে পৌঁছেছে এবং অবশিষ্ট চালানটি আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন