রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জ্বর হলেই দ্রুত ডেঙ্গু পরীক্ষার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৫, ২০২৫, ০৮:৪৮ পিএম

জ্বর হলেই দ্রুত ডেঙ্গু পরীক্ষার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের

ছবি - সংগৃহীত

সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজারেরও বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং নয়জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে জ্বর হলে কালক্ষেপণ না করে দ্রুত ডেঙ্গু পরীক্ষা করানোর জন্য জনসাধারণের প্রতি জরুরি অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (৫ অক্টোবর) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের পাঠানো এক বার্তায় এই আহ্বান জানানো হয়।বার্তায় বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যুবরণকারী নয়জনের মধ্যে সাতজনই হাসপাতালে ভর্তির দিন মৃত্যুবরণ করেছেন।

হাসপাতালে আসতে দেরি করায় তাদের রোগটি জটিল আকার ধারণ করে এবং চিকিৎসকদের হাতে পর্যাপ্ত সময় ছিল না। এই বাস্তবতায় স্বাস্থ্য অধিদপ্তর সকল জ্বরের রোগীকে লক্ষণ প্রকাশের সাথে সাথেই নিকটস্থ হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করানোর জন্য এবং রোগ শনাক্ত হলে অনতিবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ করছে।

ডা. মঈনুল আহসান আরও জানান, ডেঙ্গু চিকিৎসার বিষয়ে স্বাস্থ্য বিভাগ অত্যন্ত সতর্ক ও তৎপর রয়েছে। সকল হাসপাতালে পর্যাপ্ত ডেঙ্গু পরীক্ষার কিট, স্যালাইন এবং ওষুধ মজুত আছে। তবে ডেঙ্গুজনিত মৃত্যু কমাতে দ্রুত রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসাদান এবং মশা নিয়ন্ত্রণ—এই তিনটি বিষয়েই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা কামনা করেছে স্বাস্থ্য বিভাগ।