রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৫০ হাজার, আরও তিনজনের মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৬, ২০২৫, ০৭:২০ পিএম

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৫০ হাজার, আরও তিনজনের মৃত্যু

ছবি - সংগৃহীত

সারাদেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং ৭৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা ২১৫ জনে পৌঁছাল এবং মোট আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে।

সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিসংখ্যান তুলে ধরা হয়।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত সারাদেশে মোট ৫০ হাজার ৬৮৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮ হাজার ১ জন।

এখনো দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৪৭৩ জন রোগী।চলতি বছরের মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৭৬ জনের মৃত্যু হয়েছে সেপ্টেম্বর মাসে। এছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন এবং আগস্টে ৩৯ জনের মৃত্যু হয়। আর চলতি অক্টোবর মাসের প্রথম ছয় দিনেই ১৭ জনের মৃত্যু হয়েছে, যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।