অক্টোবর ৭, ২০২৫, ০৩:০৭ পিএম
অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, “জন্মসনদ থাকুক বা না থাকুক, কোনো অজুহাতে একটি শিশুও যেন টিকা থেকে বাদ না যায়।” তিনি বলেন, টাইফয়েডের মতো একটি প্রতিরোধযোগ্য রোগে আজও দেশের শিশুরা মারা যাচ্ছে বা স্থায়ী পঙ্গুত্বের শিকার হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও লজ্জার।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’-এর জাতীয় উদ্বোধনী ও অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর নির্দেশনা দেন।স্বাস্থ্য উপদেষ্টা বলেন, “টাইফয়েড কোনো জটিল বা অজানা রোগ নয়; এটি সম্পূর্ণ প্রতিরোধযোগ্য। দেরিতে হলেও আমরা এই টিকাদান কর্মসূচি শুরু করেছি এবং আমি আশাবাদী, এবারও আমরা সফল হব।”
তিনি বলেন, এই টিকার গুরুত্ব সম্পর্কে মানুষ এখনো পুরোপুরি সচেতন নয়। তাই স্কুল, মসজিদ, কমিউনিটি সেন্টারসহ সব জায়গায় ব্যাপক প্রচারণা চালিয়ে মানুষের ভয় ও বিভ্রান্তি দূর করতে হবে।উপদেষ্টা আরও বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে শতভাগ শিশুর টিকাদান নিশ্চিত করা। গৃহকর্মী, বস্তির শিশু—সবাইকে এই টিকার আওতায় আনতে হবে।”
তিনি টিকাদান কার্যক্রমে যেকোনো ধরনের প্রশাসনিক জটিলতা পরিহার করার নির্দেশ দিয়ে বলেন, এই টিকা সবার জন্য সহজলভ্য, বিনামূল্যে ও গ্রহণযোগ্য হতে হবে।সভায় উপস্থিত স্বাস্থ্যের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান আশা প্রকাশ করে বলেন, শিগগিরই টাইফয়েড টিকা দেশের নিয়মিত টিকাদান কর্মসূচির অন্তর্ভুক্ত হবে। স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরাও বক্তব্য রাখেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন