অলিউর রহমান মিরাজ
অক্টোবর ৯, ২০২৫, ১২:৪৩ পিএম
ছবি-দিনাজপুর টিভি
"আমি কন্যা শিশু—স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান। তিনি বলেন, "শিশুদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, পুষ্টি, চিকিৎসা, শিক্ষা, নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিতের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।" তিনি শিশুদের অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা মো. মুনতাসীর মাহফুজ, সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বণিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ। তাদের মধ্যে ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির নজরুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম এবং নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মতিয়ার রহমান প্রমুখ।