অক্টোবর ২১, ২০২৫, ০৫:৫৫ পিএম
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে, এই জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৮১৪ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।নতুন চারজনসহ চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৭ জনে। এছাড়া, এ বছর এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮ হাজার ৭৮৭ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্ত ৮১৪ জনের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ২৭৭ জন (ঢাকা উত্তর সিটিতে ১৭০ জন, ঢাকা দক্ষিণে ১০৭ জন) ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে নতুন শনাক্ত রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ১১৪ জন এবং ঢাকা বিভাগে (সিটি এলাকার বাইরে) ১২৪ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে মোট ৩ হাজার ৫৪২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৮১৯ জনসহ মোট সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৪ হাজার ৯৯৮ জন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন