অক্টোবর ২২, ২০২৫, ১২:০৮ এএম
দেশে কিডনি রোগীর চিকিৎসায় ব্যবহৃত অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু ব্যয়বহুল ওষুধ ‘ফিনেরেনন’ এখন পাওয়া যাবে অর্ধেকেরও কম মূল্যে। রোগীদের আর্থিক কষ্টের কথা বিবেচনা করে দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডেল্টা ফার্মা লিমিটেড ‘ফিনফিক্স’ নামে এই ওষুধটি বাজারে এনেছে।এতদিন, বাজারে অন্যান্য কোম্পানির ১০ মিলিগ্রাম ফিনেরেনন ট্যাবলেটের দাম ছিল ৮০ টাকা এবং ২০ মিলিগ্রাম ট্যাবলেটের দাম ছিল ১৫০ টাকা।
এই উচ্চমূল্যের কারণে অনেক দরিদ্র রোগী চিকিৎসকের ব্যবস্থাপত্র থাকা সত্ত্বেও ওষুধটি সেবন বন্ধ করে দিতেন।ডেল্টা ফার্মা জানিয়েছে, তাদের বাজারজাত করা ‘ফিনফিক্স ১০’ (১০ মিলিগ্রাম) ট্যাবলেটের মূল্য রাখা হয়েছে মাত্র ৩০ টাকা এবং ‘ফিনফিক্স ২০’ (২০ মিলিগ্রাম) ট্যাবলেটের মূল্য ৫০ টাকা।মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট (নিকডু) অডিটরিয়ামে রেনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই নতুন ওষুধের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে কিডনি চিকিৎসার পথিকৃৎ অধ্যাপক ডা. মো. হারুন অর রশীদ। তিনি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “অসংখ্য কিডনি রোগী শুধু টাকার অভাবে এই জীবনরক্ষাকারী ওষুধটি কিনতে পারতেন না। ডেল্টা ফার্মার এই পদক্ষেপে দরিদ্র রোগীরাও এখন সুলভ মূল্যে চিকিৎসা চালিয়ে যেতে পারবেন, যা তাদের জীবনে স্বস্তি এনে দেবে।”
অনুষ্ঠানে অধ্যাপক ডা. জাহাঙ্গীর কবির, অধ্যাপক ডা. শামীম আহমেদ, অধ্যাপক ডা. মহিবুর রহমানসহ দেশের শীর্ষস্থানীয় কিডনি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। তারা সকলেই একমত পোষণ করেন যে, ওষুধের দাম কমে যাওয়ায় কিডনি রোগীরা এখন কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন