রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫০৬ জন হাসপাতালে ভর্তি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩১, ২০২৫, ০৬:০২ পিএম

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫০৬ জন হাসপাতালে ভর্তি

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে নতুন করে ৫০৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।শুক্রবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ভর্তি হওয়া ৫০৬ জন রোগীর মধ্যে ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১২৪ জন। তবে গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালেই রোগীর চাপ বেশি লক্ষ্য করা গেছে। এর মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৯১ জন, বরিশাল বিভাগে ৫৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ২৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরে (১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত রয়েছে, যা ২৭৮ জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে ১৪৮ জন পুরুষ এবং ১৩০ জন নারী রয়েছেন।

এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ৮৬২ জনে। স্বাস্থ্য অধিদপ্তর বর্ষার শেষ সময়েও ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার উৎসস্থল ধ্বংস করতে এবং মশার কামড় থেকে বাঁচতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।