নভেম্বর ১, ২০২৫, ০৭:১১ পিএম
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে আরও ৬৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।শনিবার (০১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ভর্তি হওয়া ৬৫১ জন রোগীর মধ্যে ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৩৭ জন। এ সময়ে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালেই রোগীর চাপ বেশি ছিল। এর মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, বরিশাল বিভাগে ১২৯ জন, ময়মনসিংহ বিভাগে ২৯ জন, রাজশাহী বিভাগে ২২ জন, খুলনা বিভাগে ১৩ জন এবং সিলেট বিভাগে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে (১ জানুয়ারি থেকে ১ নভেম্বর পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৭৮ জনেই অপরিবর্তিত রয়েছে। মৃতদের মধ্যে ১৪৮ জন পুরুষ এবং ১৩০ জন নারী।এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে সর্বমোট ৬৯ হাজার ৮৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন