রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২, ২০২৫, ০৭:১১ পিএম

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২

সারা দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে এক হাজার ১৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৩ জনে।

রোববার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত একদিনে (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে যে ১,১৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ২৬১ জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে ১৭৫ জন রয়েছেন।

একই সময়ে ঢাকার বাইরের বিভিন্ন বিভাগেও ডেঙ্গুর প্রকোপ তীব্র আকার ধারণ করেছে। এর মধ্যে বরিশাল বিভাগে ১৬৩ জন, খুলনা বিভাগে ১৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৮ জন, রাজশাহী বিভাগে ৯৮ জন, ময়মনসিংহ বিভাগে ৮৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৬ জন এবং সিলেট বিভাগে ৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে সারা দেশে ৯৫১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ৬৮ হাজার ৪১০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।চলতি বছরের জানুয়ারি মাস থেকে আজ (২ নভেম্বর) পর্যন্ত সবমিলিয়ে ৭১ হাজার ৬৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।