রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঘাড় ঘোরালেই কটকট আওয়াজ: জেনে নিন এর কারণ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৫, ২০২৫, ০৭:৩৫ পিএম

ঘাড় ঘোরালেই কটকট আওয়াজ: জেনে নিন এর কারণ

কাজের ফাঁকে বা একঘেয়েমি কাটাতে ঘাড় মটকে বা স্ট্রেচ করে দেওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। এই অভ্যাসের ফলে যে কটকট আওয়াজ হয়, তা সাময়িক স্বস্তি দিলেও চিকিৎসকরা এই বিষয়ে সতর্ক করেছেন। তারা বলছেন, এই অভ্যাস দীর্ঘমেয়াদে শিরা-উপশিরার জটিল রোগ, অস্থিসন্ধির সমস্যা, এমনকি হৃদরোগের ঝুঁকিও বাড়াতে পারে।

ঘাড় ঘোরালে বা স্ট্রেচ করলে যে কটকট আওয়াজ কানে আসে, তা কিন্তু সাধারণত হাড়ের নয়। এই শব্দটি মূলত তৈরি হয় সাইনোভিয়াল জয়েন্টে। মানবদেহের দুটি হাড়ের সংযোগস্থলে থাকা সাইনোভিয়াল ক্যাভিটি জেলির মতো ফ্লুইডে ভর্তি থাকে। এই তরল ঘাড়কে মসৃণভাবে নাড়াচাড়া করতে সহায়তা করে।

চিকিৎসা বিজ্ঞান বলছে, যখন এই জয়েন্টে অতিরিক্ত চাপ বা স্ট্রেচ পড়ে, তখন ফ্লুইডের ভেতরে থাকা গ্যাসপূর্ণ বুদবুদ ফেটে যায়। আর এই ফেটে যাওয়া থেকেই কটকট আওয়াজ সৃষ্টি হয়। এছাড়া লিগামেন্টের সমস্যা থাকলেও ঘাড় ঘোরানোর সময় এমন আওয়াজ হতে পারে। তবে বিশেষজ্ঞরা আশ্বাস দিয়েছেন যে, মাঝে মাঝে ঘাড় মটকানো সাধারণত কোনো মারাত্মক সমস্যার ইঙ্গিত নয়।

অনেকের মনে একটি ভ্রান্ত ধারণা রয়েছে যে, ক্রমাগত ঘাড় থেকে কটকট আওয়াজ হলে ভবিষ্যতে অস্টিওআর্থ্রাইটিসের মতো রোগ হতে পারে। কিন্তু সাম্প্রতিক গবেষণাগুলো এই ধারণার কোনো সরাসরি প্রমাণ দেয়নি। হাড়ের ক্ষয় বা বার্ধক্যজনিত রোগ বেশিরভাগ ক্ষেত্রে জিনগত কারণে হয়। তাই এই অভ্যাসের সঙ্গে হাড়ের রোগের সরাসরি সম্পর্ক নেই।

তবে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, মাঝে-মধ্যে ঘাড় মটকানো স্বাভাবিক হলেও অতিরিক্ত বল প্রয়োগ করে বা নিয়মিত ঝাঁকুনি দেওয়ার অভ্যাস দীর্ঘমেয়াদে অস্থিসন্ধি এবং পেশি সমস্যা ডেকে আনতে পারে। তাই দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করলে হালকা স্ট্রেচিং এবং নিয়মিত ব্যায়াম করা অনেক বেশি নিরাপদ ও উপকারী।