রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আটোয়ারীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন পরিদর্শন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৭, ২০২৫, ০৬:৪৭ পিএম

আটোয়ারীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন পরিদর্শন

আটোয়ারীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রযুক্তিগত কর্মকর্তার নেতৃত্বে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন পরিদর্শনশিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের চলমান টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় একটি চৌকস পরিদর্শন টিম টিসিভি (টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন) কার্যক্রম পরিদর্শন করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রযুক্তিগত কর্মকর্তা ডা. সুধীর যোশী'র নেতৃত্বে টিমটি বার আউলিয়া মাজার শরীফ দাখিল মাদরাসা ও বার আউলিয়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করে।

পরিদর্শন টিমের সদস্যবৃন্দ:

  • ডা. সুধীর যোশী: বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রযুক্তিগত কর্মকর্তা (নেতৃত্ব)

  • ডা. সুভজিৎ ভট্টাচার্য: আন্তর্জাতিক পর্যবেক্ষক

  • ডা. মেশকাতুর রহমান: রংপুর স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক

  • ডা. বিকাশ রায়: রংপুর ও রাজশাহী বিভাগের ইউনিসেফ প্রধান

  • ডা. জোবায়ের রহমান: রংপুর বিভাগের বিভাগীয় কো-অর্ডিনেটর

  • ডা. মো. মিজানুর রহমান: পঞ্চগড়ের সিভিল সার্জন

  • ডা. সিফাত জাহান: ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের এসআইএমও (SIMO)

  • হাসিবুর রহমান শাহ: জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট

ডা. সুধীর যোশীর মন্তব্য

পরিদর্শনকালে ডা. সুধীর যোশী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্বাস্থ্যকর্মীদের কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, "টাইফয়েড প্রতিরোধে টিকাদান একটি যুগান্তকারী পদক্ষেপ। আমাদের ভবিষ্যত প্রজন্মকে সুস্থ রাখতে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে।"তিনি উল্লেখ করেন, "২০২৫ সালের টিসিভি ক্যাম্পেইন টাইফয়েড জ্বরের প্রাণঘাতি হুমকি থেকে আমাদের শিশুদের সুরক্ষার এক নতুন যাত্রার সূচনা করেছে।"

উপজেলা স্বাস্থ্য বিভাগের অগ্রগতি

টিসিভি কার্যক্রম পরিদর্শন শেষে পরিদর্শন টিম আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক ব্যবস্থাপনাও পরিদর্শন করে। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. হুমায়ুন কবীর, স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডা. মওলা বক্স চৌধুরী সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. হুমায়ুন কবীর জানান, আটোয়ারী উপজেলায় মোট ৪২ হাজার ৮৯৩ জন শিশুকে টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত ৩৭ হাজার ৫২৭ জন শিশুকে টিকা প্রদান করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার ৮৭.০৫ শতাংশ অর্জন। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে তারা সক্ষম হবেন।পরিদর্শনকারী টিম টিকাদান ক্যাম্পেইন কার্যক্রমের সন্তোষ প্রকাশ করেন এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনার প্রশংসা করেন।