সেপ্টেম্বর ১১, ২০২৬, ১১:২৩ পিএম
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক উসমান গনীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বাংলা বাজার এলাকা থেকে আটোয়ারী থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ৩৫ বছর বয়সী উসমান গনী মির্জাপুর ইউনিয়নের প্রেসিডেন্টপাড়া এলাকার জয়নুদ্দিনের ছেলে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে। পুলিশের দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালিয়ে ঝটিকা মিছিল ও নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠকের অভিযোগে গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ঠাকুরগাঁও সদর থানায় দুটি মামলা হয়।
এর মধ্যে উপপরিদর্শক মো. সোলেমান গনির করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১৬ জনের নামসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়, যেখানে উসমান গনীর নাম রয়েছে। একই রাতে অপর একটি জমায়েতের ঘটনায় উপপরিদর্শক মনিরুজ্জামান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ আরও ২০ থেকে ৩০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি দায়ের করেন।
এজাহারে অভিযোগ আনা হয়, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে গভীর রাতে গোপন বৈঠক করছিল। আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিয়ার রহমান জানিয়েছেন, পূর্বের একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অজ্ঞাতনামা হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন