রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

Oppo Reno 15 ও Pro: সিরিজের স্পেসিফিকেশন প্রকাশ্যে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ১১, ২০২৫, ০১:৪৫ পিএম

Oppo Reno 15 ও Pro: সিরিজের স্পেসিফিকেশন প্রকাশ্যে

প্রযুক্তি বিশ্বে স্মার্টফোনের নিত্যনতুন চমক নিয়ে আবারও হাজির হচ্ছে চীনের জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠান ওপো। গ্রাহকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী সপ্তাহে অর্থাৎ ১৭ নভেম্বর চীনে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হতে যাচ্ছে ওপো রেনো ১৫ সিরিজের নতুন স্মার্টফোন।

এই সিরিজে থাকছে ওপো রেনো ১৫ এবং রেনো ১৫ প্রো নামের দুটি মডেল। আনুষ্ঠানিকভাবে বাজারে আসার আগেই নির্মাতা প্রতিষ্ঠানটি তাদের এই নতুন ডিভাইসের ডিজাইন এবং কনফিগারেশন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে।

এমনকি ওপো চীনের অফিসিয়াল অনলাইন স্টোরে ইতিমধ্যে ফোনগুলোর আগাম ফরমায়েশ বা প্রি-অর্ডার গ্রহণ করা শুরু হয়েছে।

প্রকাশিত ছবি ও তথ্য বিশ্লেষণ করে দেখা যায় যে নতুন এই সিরিজের দুটি ফোনেই থাকছে আধুনিক ফ্ল্যাট ডিসপ্লে এবং স্ক্রিনের চারপাশের বর্ডার বা বেজেল রাখা হয়েছে অত্যন্ত সরু যা মাত্র ১.১৫ মিলিমিটার। ওপো জানিয়েছে যে তাদের স্টারলাইট বো রঙের ভেরিয়েন্টটিতে বিশেষ ধরনের রিয়ার প্যানেল ব্যবহার করা হয়েছে যা ফোনটির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেবে।

রঙের বৈচিত্র্যের ক্ষেত্রেও ওপো এবার বেশ উদারতা দেখিয়েছে। প্রি-অর্ডার তালিকা অনুযায়ী ওপো রেনো ১৫ মডেলটি অরোরা ব্লু ক্যানেল ব্রাউন এবং স্টারলাইট বো রঙে পাওয়া যাবে। অন্যদিকে প্রিমিয়াম ভেরিয়েন্ট বা রেনো ১৫ প্রো মডেলটি পাওয়া যাবে ক্যানেল ব্রাউন হানি গোল্ড এবং স্টারলাইট বো কালারে। ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে স্টোরেজ ও র‍্যামের ক্ষেত্রেও রাখা হয়েছে বিশাল সমাহার।

সাধারণ ও প্রো উভয় মডেলেই ১২ জিবি থেকে ১৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি থেকে শুরু করে সর্বোচ্চ ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ সুবিধা পাওয়া যাবে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে ওপো রেনো ১৫ সিরিজে ২০০ মেগাপিক্সেলের শক্তিশালী প্রাইমারি ক্যামেরা সেন্সর যুক্ত হতে পারে যা মোবাইল ফটোগ্রাফিতে নতুন মাত্রা যোগ করবে। স্থায়িত্ব নিশ্চিত করতে ফোনগুলোতে মেটাল ফ্রেম ব্যবহারের পাশাপাশি পানি ও ধুলোবালি থেকে সুরক্ষার জন্য আইপি৬৮ বা আইপি৬৯ রেটিং থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।

সফটওয়্যারের দিক থেকেও এটি বেশ আপডেট থাকবে বলে ধারণা করা হচ্ছে কারণ এতে অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক কালার ওএস ১৬ ব্যবহারের গুঞ্জন রয়েছে। সব মিলিয়ে ওপো রেনো ১৫ সিরিজ প্রযুক্তি বাজারে বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।