নভেম্বর ১৫, ২০২৫, ০৭:৩৩ পিএম
জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ এবার যুক্ত করতে যাচ্ছে আরও একটি যুগান্তকারী ফিচার যা মেটার সব প্ল্যাটফর্মকে আরও গভীরভাবে একীভূত করবে। নতুন এই সুবিধা চালু হলে ব্যবহারকারীরা তাদের ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো হোয়াটসঅ্যাপেও নিজেদের পছন্দের ইউজারনেম ব্যবহার করতে পারবেন।
প্রযুক্তিবিষয়ক সাইট ডব্লিউএবিটাইনফো (WABetaInfo) জানিয়েছে, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা ভার্সনে ইউজারনেম সিস্টেমের পরীক্ষা চলছে,
যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দের ইউজারনেম রিজার্ভ করতে পারবেন, অথবা ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ব্যবহৃত নামও ব্যবহার করতে পারবেন।
নতুন এই ফিচারটি হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে অ্যাক্সেস করা যাবে। সেখানে প্রোফাইল ট্যাবে যুক্ত হবে নতুন ‘ইউজারনেম’ অপশন যেখান থেকে নাম নির্বাচন, পরিবর্তন বা রিজার্ভ করা যাবে। নির্বাচিত ইউজারনেমের মালিকানা নিশ্চিত হবে মেটার অ্যাকাউন্টস সেন্টার (Accounts Center) এর মাধ্যমে, যাতে একই নাম কেউ অপব্যবহার করতে না পারে।
আন্তর্জাতিক প্রযুক্তি গণমাধ্যম জানাচ্ছে, ফিচারটি এখনো বেটা টেস্টিং পর্যায়ে থাকলেও দ্রুতই এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হতে পারে। কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল ইউজারনেম ফিচারটি ২০২৬ সালের মধ্যেই আনুষ্ঠানিকভাবে চালু হতে পারে তবে বেটা টেস্টিং দ্রুত অগ্রসর হওয়ায় অনেকেই মনে করছেন এটি ২০২৫ সালেই কিছু ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হতে পারে।
এই ফিচারটি প্ল্যাটফর্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেটা চায় ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপকে একসঙ্গে সংযুক্ত করে ব্যবহারকারীদের একটি একীভূত ডিজিটাল পরিচয় দিতে। এর ফলে মেসেজিং হবে আরও সহজ, ব্যবসায়িক যোগাযোগ আরও দ্রুত এবং প্ল্যাটফর্মগুলোর মধ্যে তথ্য স্থানান্তরও আরও সুবিধাজনক হবে। নিরাপত্তা বৃদ্ধি এই সুবিধার একটি প্রধান দিক। ইউজারনেম চালু হলে ব্যবহারকারীরা চাইলে নিজেদের ফোন নম্বর গোপন রাখতে পারবেন।
বর্তমানে হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য আবশ্যিকভাবে ফোন নম্বর শেয়ার করতে হয় কিন্তু নতুন ফিচারটি চালু হলে ইউজারনেম দিয়েই চ্যাট শুরু করা যাবে এবং ফোন নম্বর শেয়ার না করেও নিরাপদে যোগাযোগ করা সম্ভব হবে। এটি বিশেষ করে ব্যবসায়ী, কনটেন্ট ক্রিয়েটর, অনলাইন বিক্রেতা ও পাবলিক ফিগারদের জন্য বড় সুবিধা দেবে। হোয়াটসঅ্যাপ একইসাথে আরও কিছু নতুন সুবিধার ওপর কাজ করছে, যেমন একাধিক ডিভাইসে একই অ্যাকাউন্ট ব্যবহার, এআই-ভিত্তিক চ্যাট সাজেশন এবং চ্যানেলের জন্য নতুন মনিটাইজেশন অপশন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন