রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভুলেও এআই চ্যাটবটকে দেবেন না এই ১০টি ব্যক্তিগত তথ্য

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৫, ১০:২২ পিএম

ভুলেও এআই চ্যাটবটকে দেবেন না এই ১০টি ব্যক্তিগত তথ্য

চ্যাটজিপিটি বা অনুরূপ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট এখন ই-মেইল খসড়া করা থেকে শুরু করে তথ্য খোঁজা কিংবা একাকিত্ব কাটাতে আলাপ—দৈনন্দিন জীবনের প্রায় সব ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে। মানুষের মতো সাবলীল উত্তর দেওয়ার দক্ষতার কারণে অনেকেই এগুলোকে ভরসাযোগ্য মনে করেন।

তবে বিশেষজ্ঞরা কঠোরভাবে সতর্ক করে বলছেন, এই ভরসার আড়ালে রয়েছে নানা ঝুঁকি। চ্যাটবটের সঙ্গে করা আলাপ আসলে একেবারেই গোপন নয়, কারণ ব্যবহারকারীর দেওয়া তথ্য সংরক্ষিত ও বিশ্লেষিত হতে পারে, এমনকি ভবিষ্যতে ফাঁসও হয়ে যেতে পারে।

সুতরাং, আপনার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে নিম্নলিখিত ১০টি সংবেদনশীল বিষয় কখনোই চ্যাটবটের সঙ্গে শেয়ার করা উচিত নয়:

১. ব্যক্তিগত তথ্য: আপনার পুরো নাম, ঠিকানা, ফোন নম্বর বা ই-মেইল—এগুলো একত্র করলে সহজেই আপনার পরিচয় শনাক্ত করা যায়। এতে প্রতারণা, ফিশিং আক্রমণ বা ট্র্যাকিংয়ের ঝুঁকি তৈরি হয়। গোপন কথা বা স্বীকারোক্তি: এআই কোনো বন্ধু বা মনোরোগ বিশেষজ্ঞ নয়। আপনি যা বলছেন, তা সংরক্ষিত হতে পারে, পরবর্তীতে প্রশিক্ষণে ব্যবহার হতে পারে বা অনিচ্ছাকৃতভাবে ফাঁসও হতে পারে। গোপন বিষয় বলার জন্য উপযুক্ত মানুষ বেছে নিন।

৩. কর্মস্থলের গোপনীয় তথ্য: ব্যবসায়িক গোপন তথ্য, নথিপত্র বা কৌশল কখনোই চ্যাটবটে পেস্ট করা যাবে না। আপনার শেয়ার করা তথ্য বাইরে চলে যেতে পারে এবং প্রতিষ্ঠানের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়তে পারে।

৪. আর্থিক তথ্য: ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ক্রেডিট কার্ডের বিবরণ বা সামাজিক নিরাপত্তা নম্বরের মতো তথ্য সাইবার অপরাধীদের কাছে মূল্যবান। চ্যাটবটে এসব তথ্য দিলে তা চুরি বা অপব্যবহারের শিকার হতে পারে।

৫. স্বাস্থ্য বা চিকিৎসাসংক্রান্ত তথ্য: চিকিৎসার ইতিহাস, প্রেসক্রিপশন বা বিমার মতো স্বাস্থ্যসংক্রান্ত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন। এআই ভুল তথ্য দিতে পারে এবং সংবেদনশীল স্বাস্থ্য তথ্য চুরি হতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে সর্বদা যোগ্য চিকিৎসকের পরামর্শ নিন।

৬. অশ্লীল বা আপত্তিকর বিষয়বস্তু: যদিও অনেক চ্যাটবট আপত্তিকর বিষয়বস্তু ব্লক করে, তবু আপনি যা লিখছেন তা রেকর্ড হয়ে যেতে পারে। অবৈধ তথ্য বা যৌন আলাপ আপনার অ্যাকাউন্ট বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি করতে পারে এবং ভবিষ্যতে আইনি সমস্যায় ফেলতে পারে।

৭. পাসওয়ার্ড: কথার ছলেও কোনো চ্যাটবটের সঙ্গে আপনার পাসওয়ার্ড শেয়ার করবেন না। এটি আপনার ই-মেইল, ব্যাংক বা সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার ঝুঁকি তৈরি করে। পাসওয়ার্ড সংরক্ষণের জন্য নিরাপদ পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা সবচেয়ে ভালো।

৮. আইনি জটিলতা বা মামলা: চুক্তি, মামলা-মোকদ্দমা বা আইনি বিবাদের বিষয়ে চ্যাটবটের পরামর্শ নেওয়া বিপজ্জনক। চ্যাটবট আইনজীবীর বিকল্প নয় এবং আপনার শেয়ার করা তথ্য ভবিষ্যতে আইনি সমস্যা তৈরি করতে পারে।

৯. সংবেদনশীল ছবি বা নথি: পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স কিংবা ব্যক্তিগত ছবি চ্যাটবটে আপলোড করা থেকে বিরত থাকুন। ফাইল ডিলিট করলেও অনেক সময় এর ডিজিটাল চিহ্ন থেকে যায়, যা পরিচয় চুরির বড় ঝুঁকি তৈরি করে।

১০. যা আপনি অনলাইনে দেখতে চান না: যদি আপনি কোনো কিছু ভবিষ্যতে অনলাইনে ছড়িয়ে পড়ুক তা না চান, তাহলে সেটা কখনোই চ্যাটবটকে বলবেন না। চ্যাটবটের আলাপ সর্বদা গোপন থাকে না এবং তা ভবিষ্যতে পাবলিক ডোমেইনে চলে আসার আশঙ্কা থাকে।