রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আইফোনে পাবেন চ্যাটজিপিটির ভয়েস অ্যাসিস্ট্যান্ট

তথ্যপ্রযুক্তি ডেস্ক

ডিসেম্বর ৫, ২০২৫, ০৪:৩৩ পিএম

আইফোনে পাবেন চ্যাটজিপিটির ভয়েস অ্যাসিস্ট্যান্ট

ওপেনএআইয়ের জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি মানুষের জীবনের বহু কাজ সহজ করে দিয়েছে, এখন তা আইফোন ব্যবহারকারীদের জন্য আরও একধাপ এগিয়ে এলো। সাধারণত অ্যাপলের নিজস্ব ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি ছাড়া অন্য কোনো ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহারের অনুমতি দেয় না অ্যাপল।

তবে সাম্প্রতিক আপডেটের ফলে আইফোন ১৫ প্রো সিরিজ এবং এর নতুন মডেলগুলোর ব্যবহারকারীরা এখন বেশ সহজেই একটি অতিরিক্ত ভয়েস অ্যাসিস্ট্যান্টের সুবিধা নিতে পারছেন।

ওপেনএআইয়ের দেওয়া এই নতুন সুবিধার ফলে অ্যাকশন বাটনে সরাসরি চ্যাটজিপিটির ভয়েস মোড সেট করার সুযোগ মিলেছে।

এর মানে হলো, মেনু বা অ্যাপ খোলার ঝামেলা ছাড়াই মাত্র একটি চাপে সরাসরি কথোপকথন শুরু করা সম্ভব। বর্তমানে ভয়েস চ্যাট একই স্ক্রিনে চলবে যেখানে টেক্সট চ্যাট দেখা যায়। এই নতুন এআইয়ের উত্তর একইসঙ্গে শব্দ এবং লেখা উভয় রূপেই পাওয়া যাবে, যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও দ্রুত ও সহজ করবে। টাইপিং ও ভয়েসের মধ্যে বদল করার প্রক্রিয়াটিও রাখা হয়েছে অত্যন্ত মসৃণ। এই সুবিধা সেট করার জন্য প্রথমে ব্যবহারকারীকে তাদের আইফোনে চ্যাটজিপিটি অ্যাপটি ইনস্টল করে লগ ইন করতে হবে।

এরপর সেটিংস অ্যাপে গিয়ে অ্যাকশন বাটনে ট্যাপ করতে হবে এবং কন্ট্রোলস সেকশনে বর্তমান সেটিং-এর পাশে থাকা চেভেরন চিহ্নে ট্যাপ করতে হবে। সার্চ বারে চ্যাটজিপিটি লিখে এবার ‘ওপেন চ্যাটজিপিটি ভয়েস’ বিকল্পটি নির্বাচন করতে হবে। একবার সেট হয়ে গেলে অ্যাকশন বাটনে লং-প্রেস করলেই চ্যাটজিপিটি ভয়েস ইন্টারফেস চালু হয়ে যাবে। প্রথমবার ব্যবহারের সময় অ্যাপটি মাইক্রোফোন পারমিশন চাইতে পারে, সেই পারমিশন ‘অ্যালাউ’ করলেই সুবিধাটি চালু হবে। এই আপডেটের ফলে আইফোন ব্যবহারকারীরা দ্রুত এবং কার্যকরী উপায়ে চ্যাটজিপিটির সুবিশাল জ্ঞানভান্ডার ও সহায়তার অ্যাক্সেস পাচ্ছেন।