ডিসেম্বর ৬, ২০২৫, ০৪:৫০ পিএম
জিমেইল বর্তমানে শুধু একটি ই-মেইল ঠিকানা নয়, এটি ব্যাংকিং নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস, ফোন ব্যাকআপ, কন্ট্যাক্ট, ছবিসহ অসংখ্য ব্যক্তিগত ও গোপনীয় তথ্যপ্রযুক্তির ভাণ্ডার। এই কারণে জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হলে ব্যবহারকারীকে মারাত্মক আর্থিক ও ব্যক্তিগত সমস্যায় পড়ার সম্ভাবনা খুব বেশি।
তবে উদ্বেগের বিষয় হলো, অনেক সময় অ্যাকাউন্ট হ্যাক হলেও আমরা তা সহজে বুঝতে পারি না। তবে সুখবর হলো, গুগলের কিছু নিরাপত্তা সেটিংস ব্যবহার করলে সহজেই জানা যায় আপনার অ্যাকাউন্টে অন্য কেউ অবৈধভাবে প্রবেশ করেছে কি না।
আপনার জিমেইল অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে কি না, তা বোঝার জন্য একটি সহজ ধাপ অনুসরণ করতে পারেন। প্রথমে কম্পিউটার দিয়ে আপনার গুগল অ্যাকাউন্টে লগইন করুন।
এরপর বাম দিকের মেনু থেকে Security ট্যাবটি খুলুন। ট্যাবটি খোলার পর Your Devices → Manage All Devices অপশনটিতে ক্লিক করুন। সেখানে আপনার অ্যাকাউন্টে বর্তমানে লগইন করা সব ডিভাইসের একটি সম্পূর্ণ তালিকা দেখতে পাবেন। এই তালিকায় যদি কোনো অপরিচিত বা সন্দেহজনক ডিভাইস দেখতে পান, সেটি নির্বাচন করে সঙ্গে সঙ্গে Sign Out করে দিন। যদি ডিভাইসটি চিনতে না পারেন, সেক্ষেত্রে Don’t Recognize Something অপশনটি ব্যবহার করা যেতে পারে। অন্য কারও ব্যবহারের প্রমাণ মিললে সঙ্গে সঙ্গেই আপনার পাসওয়ার্ড পরিবর্তন করা জরুরি।
জিমেইল অ্যাকাউন্ট নিরাপদ রাখা কঠিন কিছু নয়, বরং একটু সচেতন হলেই হ্যাকিংয়ের ঝুঁকি অনেকটাই কমে যায়। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) চালু রাখা। এটি চালু থাকলে আপনার পাসওয়ার্ড চুরি হলেও কেউ সহজে অ্যাকাউন্টে ঢুকতে পারবে না। এছাড়া একই পাসওয়ার্ড বিভিন্ন অ্যাকাউন্টে ব্যবহার করা উচিত নয়।
ফোন ও কম্পিউটারের অপারেটিং সিস্টেম এবং অন্যান্য সফটওয়্যার নিয়মিত আপডেট রাখুন। অচেনা বা সন্দেহজনক ই-মেইলের লিংক বা অ্যাটাচমেন্টে কখনোই ক্লিক করবেন না। নিয়মিত ডিভাইস চেক করা, শক্ত পাসওয়ার্ড ব্যবহার করা এবং 2FA চালু রাখাই আপনার অ্যাকাউন্টের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তিগত নিরাপত্তা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন