জানুয়ারি ১৩, ২০২৬, ০৮:৪১ পিএম
মোবাইল ফোনের ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেমের সার্ভার ও আইপি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথাকথিত অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য গ্রাহকদের বিশেষ সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিটিআরসির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, এনইআইআর সিস্টেমের সব ডাটা এবং ট্রাফিক প্রক্রিয়াকরণ দেশের অভ্যন্তরেই সম্পন্ন হচ্ছে।
গত ১ জানুয়ারি থেকে দেশে অবৈধ হ্যান্ডসেট বন্ধ এবং রাজস্ব নিশ্চিতের লক্ষ্যে সরকারি সিদ্ধান্তে এনইআইআর সিস্টেম পুনরায় চালু করা হয়েছে। এরপর থেকেই বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছে যে, এই সিস্টেমের সার্ভার দেশের বাইরে এবং গ্রাহকদের ডাটা ঝুঁকির মুখে রয়েছে।
বিটিআরসি এই দাবিগুলোকে ভিত্তিহীন এবং অপপ্রচার বলে উল্লেখ করেছে।বিজ্ঞপ্তিতে সিস্টেমটির নিরাপত্তা ও কারিগরি দিক নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরা হয়েছে:১. ডাটা হোস্টিং: এনইআইআর সিস্টেমের সব তথ্য দেশের অভ্যন্তরে একটি নিরাপদ স্থানে হোস্ট করা রয়েছে। গ্রাহকের তথ্যের গোপনীয়তা নিশ্চিত করতে বিটিআরসি নিজস্ব হার্ডওয়্যার ব্যবহার করছে। ২. আইপি অ্যাড্রেস: সিস্টেমটিতে ব্যবহৃত আইপি (IP) বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের অনুকূলে এপিএনআইসি (APNIC) কর্তৃক বরাদ্দকৃত।

ফলে পৃথিবীর অন্য কোনো দেশে এই ডাটা বা ট্রাফিক যাওয়ার কোনো প্রযুক্তিগত সুযোগ নেই। ৩. আইনি সুরক্ষা: সরকারের ডাটা প্রোটেকশন আইনের সব নিয়ম অনুসরণ করেই এই সিস্টেম প্রস্তুত করা হয়েছে। সব রিকোয়েস্ট বাংলাদেশের অভ্যন্তরেই প্রক্রিয়াকরণ হচ্ছে।বিটিআরসি স্পষ্ট করেছে যে, এনইআইআর-এর মূল উদ্দেশ্য হলো মোবাইল হ্যান্ডসেটের অবৈধ আমদানি ঠেকানো, চুরি রোধ করা এবং অপরাধী শনাক্তকরণে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করা। তাই কোনো ধরণের গুজবে কান না দিয়ে সরকারি এই প্রযুক্তিনির্ভর সেবায় আস্থা রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন