রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এবার স্টারলিংককে লাইসেন্স দিল ভিয়েতনাম

তথ্যপ্রযুক্তি ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০২:৫৯ পিএম

এবার স্টারলিংককে লাইসেন্স দিল ভিয়েতনাম

ভিয়েতনামে স্টারলিংক লাইসেন্স পেল

ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানি স্টারলিংককে দেশটিতে সেবা পরিচালনার জন্য আনুষ্ঠানিকভাবে লাইসেন্স দিয়েছে ভিয়েতনাম সরকার। গত ১৩ ফেব্রুয়ারি দেশটির রেডিও ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নেয়। লাইসেন্সের শর্ত অনুযায়ী, স্টারলিংকের স্থানীয় ইউনিট ‘স্টারলিংক সার্ভিসেস ভিয়েতনাম কোং’ প্রাথমিকভাবে চারটি গেটওয়ে স্টেশন স্থাপন করতে পারবে এবং দেশজুড়ে সর্বোচ্চ ছয় লাখ টার্মিনাল ডিভাইস বা সংযোগ প্রদানের অনুমতি পেয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভিয়েতনামের প্রায় ১০ কোটি মানুষের মধ্যে ৮০ শতাংশই ইন্টারনেট ব্যবহারকারী হলেও দুর্গম পাহাড়ি এবং গ্রামীণ এলাকায় নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেটের ব্যাপক ঘাটতি রয়েছে। স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট এই ডিজিটাল বৈষম্য দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

তবে শর্ত হিসেবে স্টারলিংককে এটি নিশ্চিত করতে হবে যে তাদের ফ্রিকোয়েন্সি যেন দেশটির বিদ্যমান রেডিও যোগাযোগ নেটওয়ার্কে কোনো ধরনের হস্তক্ষেপ না করে। ভিয়েতনামের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ইতোমধ্যে স্থানীয় প্রশাসনগুলোকে এ বিষয়ে সমন্বয়ের নির্দেশ দিয়েছে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই লাইসেন্স প্রদানের সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বর্তমানে ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য শুল্ক নিয়ে আলোচনা চলছে। আগামী ১৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন ‘বোর্ড অব পিস’-এর বৈঠকে অংশ নিতে ভিয়েতনামের শীর্ষ নেতা তো লামের যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা রয়েছে। 

গত বছর ভিয়েতনামি পণ্যে ২০ শতাংশ শুল্ক আরোপের পর দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, স্টারলিংককে এই লাইসেন্স প্রদান সেই বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক পুনরুদ্ধারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।